বিসিএস কৃষি একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২২:২২
ডিসি সম্মেলনের আদলে প্রতি বছর দুই দিনব্যাপী উপ-পরিচালক ও অতিরিক্ত পরিচালকদের সম্মেলনের আয়োজন, বিসিএস কৃষি একাডেমি প্রতিষ্ঠা, কৃষি কর্মকর্তাদের মান্নোনয়নে নানামুখী সিদ্ধান্ত নিয়েছে বিসিএস কৃষি এসোসিয়েশন। শনিবার খামারবাড়ির আ ক মু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে দিনব্যাপী সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে গতকাল নব-নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়।
সভায় তুলা উন্নয়ন বোর্ডকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে একীভূতকরণের দাবি জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মান্নান, কৃষিবিদ ইনস্টিটিউশন-এর মহাসচিব কৃষিবিদ মোবারক আলী বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স।
সভায় কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ কৃষি ক্যাডারের প্রতিটি সদস্যকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অনুরোধ করেন। অনুষ্ঠান শেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।