মাছ ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

রাজধানীর পূর্ব রাজাবাজারে হানিফ নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে রমনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সবকিছু হারিয়েছেন চাঁন মিয়া নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক । গতকাল শনিবার এ ঘটনা দু’টি হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আবু হানিফ জানান, ভোর ৫টার দিকে কাওরান বাজারে মাছ কিনতে যাওয়ার সময় একটি প্রাইভেটকারে এসে ৪/৫ জন ছিনতাইকারী পূর্ব রাজাবাজার মসজিদের সামনে তার পথরোধ করে। এসময় ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে মাছ কেনার ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রমনা থানার ওসি (তদন্ত) সেলিম মিয়া জানান, রমনা থানা এলাকার একটি রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে অটোরিকশা চালক চাঁন মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পথচারীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েছিলেন। অজ্ঞান পার্টির সদস্যরা তাকে নেশা জাতীয় পানীয় বা খাবার খাইয়ে তার অটোরিকশাটি নিয়ে যায়।