ত্রিশালে ভ্রাম্যমাণ আদালত
মাছের গাড়ি উল্টে ফেলায় ২ ঘণ্টা সড়ক অবরোধ
ত্রিশাল(ময়মনসিংহ)সংবাদদাতা
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২২:২৩
মাছের গাড়ি থেকে পানি পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ক্ষতি হওয়ায় জেলার ত্রিশালে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত মাছের কয়েকটি গাড়ি উল্টে ফেলায় মটর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। ২ ঘণ্টা অবরোধে রাস্তার ২ পাশে কয়েকশ গাড়ি আটকে পড়ায় হাজার হাজার যাত্রীকে গরমে চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে মালিক সমিতির কর্মকর্তা ও শ্রমিক নেতাদের সাথে প্রশাসনের সমঝোতা বৈঠক হলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছ বহনকারী পানিবাহী ট্রাক চলাচল করার সময় রাস্তায় পানি পড়ে রাস্তা ভেঙ্গে খানা খন্দক ও কাদা সৃষ্টি রোধে গতকাল ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাস্তায় পানি বহনকারী কয়েকটি ট্রাককে জরিমানা করা হয়। পরে কয়েকটি পানিবাহী ট্রাক ফেলে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সড়ক ও জনপথের ক্যারেং দিয়ে রাস্তা থেকে গাড়ি সরাতে গেলে দুটি ট্রাক উল্টে যায়। এ ঘটনার প্রতিবাদে মটর শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। মালিক সমিতির কর্মকর্তা ও শ্রমিক নেতাদের সাথে সমঝোতার বৈঠক হলে শ্রমিকরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান ত্রিশাল থানার ওসি কামরুল ইসলাম।