চট্টগ্রামের নিখোঁজ ব্যবসায়ীকে বাগেরহাটে হোটেলে আটক

নিখোঁজ চট্টগ্রামের মোটর পার্টস ব্যবসায়ী শহীদুল ইসলামকে (৪০) শুক্রবার রাতে খুলনা জেলার বাগেরহাট খানজাহান আলী বাজারের একটি হোটেল থেকে আটক করেছে পুলিশ। গত ৩ জুন সে নিখোঁজ হয়। পরে তার স্ত্রী নূর বেগম সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ জানায়, তার স্ত্রীর ডায়েরি পাওয়ার পর শহীদুল ইসলামের মোবাইল ফোনে নজরদারি করা হয়। তিনি প্রথমে নগরীর জলসা মার্কেট এলাকায় মোবাইল ফোন ব্যবহার করেন। এরপর মোবাইল ফোনটি বন্ধ করে দেন। পরে বাগেরহাট এলাকায় কয়েকবার তিনি মোবাইল ফোনটি ব্যবহার করেন। পুলিশের একটি টিম বাগেরহাটে যাওয়ার পর স্থানীয় এক নারী সোর্সের মাধ্যমে শহীদুলের বন্ধু রফিকুলের সঙ্গে কথা বলেন। তার কাছ থেকে কৌশলে ঠিকানা জেনে নেয়া হয়। পুলিশ ওখানে গিয়ে দেখতে পায় এটি খাবার হোটেল। হোটেলের মালিক জানান, এক মাস ধরে তার হোটেলে চট্টগ্রামের এক লোক কাজ করছেন। পরে সেখান থেকে শহীদুল আলমকে আটক করা হয়। আটকের পর শহীদুল ইসলাম দেনাদারদের চাপ সইতে না পেরে পালিয়ে যান বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তাকে তার বাবার জিম্মায় ছেড়ে দেয়া হবে বলে পুলিশ জানায়। শহীদুল ইসলাম লোহাগাড়া উপজেলার কলাউজান বাংলাবাজার এলাকার মো. নূরুল ইসলামের পুত্র।