‘সমুদ্র জয়ের বিরোধিতাকারীরা পাকিস্তানের দালাল’
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২২:২৫
‘যারা সমুদ্র জয়ের বিরোধিতা করে উল্টাপাল্টা কথা বলছেন তারা পাকিস্তানের দালাল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে তারা এখনো মেনে নিতে পারেনি। এদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন। ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলায় বাংলাদেশ জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে আনন্দ শোভাযাত্রা পূর্ব এ সমাবেশের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোবারক আলী শিকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, সোহেলী পারভীন মনি, সাংস্কৃতিক জোট নেত্রী নাসিমা আক্তার লাবু, ইন্দিরা গান্ধি সরকার বৃষ্টি, সোনিয়া গান্ধি সরকার মাধবী, পারুল আক্তার লোপা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের এক ইঞ্চি সম্পদ কোন দেশকে ছাড় দেয়নি। তাঁর একান্ত প্রচেষ্টায়ই সমুদ্র বিজয় হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র উপহার দিয়েছিলেন। আর তার কন্যা শেখ হাসিনা সমুদ্রে ন্যায্য হিস্যা আদায় করে দিয়েছেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।