চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর-শরীয়তপুর সড়কে যান চলাচল বাড়ছে। সড়ক সংস্কার ও ফেরি সার্ভিস সেবার মান বৃদ্ধি হওয়ায় অন্য রুটের যানবাহন এখন এই ঘাট দিয়ে পার হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে এই রুটে আরো ফেরি সার্ভিস বাড়ানো হলে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।
বিআইডাব্লিউটিসি চাঁদপুর কার্যালয় জানায়, এই ফেরিঘাট দিয়ে ২৫ মে ২২৭টি গাড়ি পার হয়েছে, রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৪৬৪ টাকা। ২৬ মে পার হয়েছে ২২৩টি গাড়ি, রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৫৭ হাজার ১শ টাকা। ২৭ মে পার হয়েছে ১৯১টি গাড়ি, রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ১৮ হাজার ৩০৫ টাকা। গড়ে এখন প্রতি মাসে রাজস্ব আদায় হচ্ছে এক কোটি থেকে সোয়া এক কোটি টাকা। রমজানের আগে ৫টি ফেরি ছিল কিছুদিন। তখন প্রতিদিন রাজস্ব আদায় হয়েছে ৪ লাখ থেকে সাড়ে ৪ লাখ টাকা। অন্য রুটে ফেরি প্রয়োজন হওয়া একটি ফেরি নিয়ে যাওয়া হয়েছে। এখন ৪টি ফেরি চলাচল করছে।
এদিকে ঈদের আগে এবং পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফেরিঘাটের তত্ত্বাবধায়ন করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।
বিআইডাব্লিউটিসি চাঁদপুর কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) পারভেজ খান বলেন, সড়ক ও ফেরি সার্ভিসের মান বৃদ্ধি পাওয়ায় রাজস্ব বেড়েছে। গত ৬ মাস আগেও প্রতিদিন রাজস্ব আদায় হয়েছে ১ লাখ থেকে সোয়া লাখ টাকা। চাঁদপুর-শরীয়তপুর ফেরিরুটে সরকারি রাজস্ব আদায় বেড়ে কোটি টাকা ছাড়িয়েছে। ফেরির দুই পাড়ের সড়কগুলো ভালো থাকলে এবং মেরামত করে রাখলে সরকারি রাজস্ব আদায় আরো বৃদ্ধি পাবে।