২০ জুলাইয়ের মধ্যে সড়ক সংস্কার করার নির্দেশ
কুমিল্লা প্রতিনিধি ও দাউদকান্দি সংবাদদাতা
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২২:৫০
আগামী ২০ জুলাইয়ের মধ্যে সব সড়ক-মহাসড়ক যান চলাচলের উপযোগী করে তুলতে সংশ্লি¬ষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এক্ষেত্রে কোন অজুহাত গ্রহণ করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যানবাহনে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে তিনি গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি টোলপ্লাজা, চান্দিনা বাস স্টেশন ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকাসহ ফোর লেনের কাজ ও মহাসড়ক পরিদর্শন করেন। এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে মহাসড়ক মেরামতসহ যাত্রী দুর্ভোগ নিরসনের ঘোষণা দিয়ে এ ব্যাপারে জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশনা দিয়েছেন। যেখানে বেহাল দশা ও যানজট সেখানেই যাত্রাবিরতির মাধ্যমে মহাসড়ক পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী। এ সময় মন্ত্রী সাংবাদিকদের জানান, ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে দ্রুত যাতায়াত করতে পারে এজন্য ঈদের তিন দিন আগে মহাসড়কে ভারী পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখা হবে।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, ফোর লেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, সওজ-কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম প্রমুখ।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল সকালে সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়কের সংস্কার কাজ পরিদর্শন শেষে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৮ সালের মধ্যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। মানুষ স্বস্তিতে সড়ক ও মহাসড়কে চলাচল করতে পারবে। মহাসড়ক সংস্কারে গাফিলতি করলে কঠোর শাস্তি দেয়া হবে। সংস্কার কাজে কোন ঠিকাদারের গাফিলতি পাওয়া গেলে তার কাজের কার্যাদেশ বাতিল করা হবে।