নিউইয়র্কে আওয়ামী লীগ নেতা নজমুলকে হত্যা করা হয় শ্বাসরোধ করে

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি নজমুল ইসলামকে (৫৫) শ্বাসরোধ করে হত্যা করেছে আততায়ীরা। মঙ্গলবার গভীর রাতে বাসার অদূরে নিউইয়র্কের ওজোনপার্কের আটলান্টিক অ্যাভিনিউর ৭৬ ও ৭৭ স্ট্রিটের মাঝামাঝি স্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরিবারের কাছে দেয়া হাসপাতালের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ ‘হোমিসাইড’ বলে উল্লেখ করা হয়েছে। নিহতের বাম চোখে এবং মাথায় বড় ধরনের জখমের চিহ্ন রয়েছে। কেন এই হত্যাকাণ্ড সেই হিসাব মেলাতে পারছে না কেউ। তবে আঞ্চলিক সংগঠন বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, নজমুল ইসলামকে মুখমণ্ডলে আঘাত করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের পাশের একটি সিসি টিভিতে ধারণ করা দৃশ্যে দুই কৃষ্ণাঙ্গ যুবককে নজমুল ইসলামের পিছু ধাওয়া করতে দেখা গেছে। এসময় তিনি হাতের সেলফোনে কথা বলার চেষ্টা করছিলেন। ধারণা করা হচ্ছে, ওইসময় নজমুল ইসলাম প্রাণ বাঁচাতে পুলিশের সাহায্যের জন্য ৯১১ এবং একজন প্রতিবেশীকে কল করেছিলেন। তবে এ হত্যাকাণ্ড পরিকল্পিত বলে মনে করছেন অনেকেই। ছিনতাইকারী বা দুষ্কৃতকারীরা হত্যাকাণ্ড ঘটালে তারা নজমুল ইসলামের মূল্যবান জিনিসপত্র বা ডলার নিয়ে যেত। কিন্তু তার কোনো কিছুই খোয়া যায়নি বলে জানিয়েছেন স্বজনেরা।