উন্নয়ন দেখে বিএনপি দিশাহারা হয়ে আন্দোলনের হুমকি দিচ্ছে :স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকার সাড়ে পাঁচ বছরে দশ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুত্ সংযোগ দিয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দেশে একের পর এক উন্নয়ন কাজ দেখে বিএনপি দিশাহারা হয়ে ঈদের পর আন্দোলনের হুমকি দিচ্ছে। গতকাল শনিবার দুপুরে কাজীপুরের মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নিজেদের পায়ের তলার মাটি সরে যাওয়ায় বিএনপি নেত্রী এখন আবোল তাবোল বলছেন।। কিন্তু দেশের মানুষ আর ধ্বংসের রাজনীতি পছন্দ করে না। তারা শান্তিপূর্ণ পরিবেশে দেশের উন্নয়ন দেখতে চায়। মাইজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি-এর জেনারেল ম্যানেজার তুষার কান্তি দেবনাথ, ডিজিএম সুলতান নাসিমুল হক প্রমুখ বক্তব্য রাখেন। পরে মোহাম্মদ নাসিম কাজীপুরের শ্যামপুর ও কুনকুনিয়া গ্রামের ৪৫১টি পরিবারের নতুন বিদ্যুত্ সংযোগের উদ্বোধন করেন।