চৌদ্দগ্রামে ইউপি মেম্বার নূরুল আলম নিখোঁজ

খুঁজে পাওয়া যাচ্ছে না কুমিল্লার চৌদ্দগ্রামে বহুল আলোচিত আলকরা ইউপি মেম্বার নুরুল আমিন ওরফে নুরুল আলমকে। গতকাল শনিবার ভোর ৫টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বন্ধ রয়েছে তার ব্যবহূত মোবাইল ফোনটিও। তার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের কান্না থামছে না। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলকরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার, পশ্চিম ডেকরা গ্রামের নুরুল আলমকে গতকাল শনিবার ভোরে তার বাড়ির সামনে থেকে একদল যুবক জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। সকালে নুরুল আলমের পিতা সামছুল আলম ও স্ত্রী হোসনে আরা বেগম চৌদ্দগ্রাম থানাকে তার নিখোঁজের বিষয় অবহিত করলে পুলিশ বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রাখে। এদিকে দুপুরে নুরুল আলমের সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী রাস্তার মাথায় কয়েকটি গাড়ি ভাংচুর করে। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত নুরুল আলম কোথায় এবং কোন অবস্থায় আছেন কেউ বলতে পারছে না। এব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী সাংবাদিকদের জানান, ‘ইউপি মেম্বার নুরুল আলম নিখোঁজের বিষয়ে তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বিভিন্নস্থানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে’। প্রসঙ্গত, ইউপি মেম্বার নুরুল আলমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ, ধর্ষণ ও চুরি ঘটনায় একাধিক মামলা রয়েছে।