না’গঞ্জে অভিনেতা মিশা সওদাগরের গাড়ি ভেঙ্গে টাকা চুরি
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২২:৫৯
নারায়ণগঞ্জে শ্যুটিং চলাকালে চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরের গাড়ির দরজা ভেঙ্গে নগদ টাকা ও ঘড়ি চুরি করেছে অজ্ঞাত চোর। শনিবার দুপুরে শহরের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে জীবন বীমা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জীবন বীমা ভবনে আলোচিত লেখক হুমায়ূন আহমেদের ‘অনিল বাগচির একদিন’ উপন্যাসের আলোকে চলচ্চিত্রের শ্যূটিং চলছিল। চলচ্চিত্রটির সহকারী পরিচালক শাহজাহান শামীম জানান, শনিবার ছিল মিশা সওদাগরের শ্যুটিং। শ্যুটিং চলাকালে দুপুর ২টার দিকে তার গাড়ি চালক নামাজ পড়তে পাশের মসজিদে যায়। মসজিদ থেকে এসে সে দেখে গাড়ির দরজা ভাঙা। গাড়ির ভেতর থেকে নগদ ১৬ হাজার টাকা ও রাডো ব্র্যান্ডের একটি ঘড়ি খোয়া গেছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, চোরদের শনাক্ত করে খোয়া যাওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।