এরশাদকে ক্ষমা চাইতে হবে
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২২:৫৯
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইচ এম এরশাদকে বাংলাদেশের কলুষিত রাজনীতির হোতা হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, জিয়াউর রহমান সম্পর্কে মিথ্যাচার করেছেন এরশাদ। এরশাদ একটি গণতান্ত্রিক সরকারকে বন্দুকের মুখে উত্খাত করে ক্ষমতা দখল করেছিলেন।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এরশাদ তার নিবন্ধে বলছেন, জিয়াউর রহমান নাকি রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। আমরা এর নিন্দা জানাই। কারণ তিনি (জিয়া) ক্ষমতা দখল করেননি। সিপাহী জনতা তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। এই নিবন্ধে এরশাদ চরম মিথ্যাচার করেছেন। এ জন্য এরশাদকে ক্ষমা চাইতে হবে।
গতকাল জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে ‘বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মুক্তি ও ঢাকা মহানগরের (দক্ষিণ) মেয়র হিসেবে দেখতে চাই’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনোয়ার পারভেজ বাবুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা প্রমুখ।
খালেদা জিয়ার মামলার আদালত স্থানান্তর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলা দিয়ে যাতে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায়, সেই ষড়যন্ত্র চলছে।