এক হাজার টন বালু জব্দ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি বালু মহালে মঙ্গলবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় জব্দকৃত প্রায় ১ হাজার টন বালু পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। তবে এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা হয়নি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভূনবীর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছোট-বড় কয়েকটি অবৈধ বালু মহাল পেয়েছি। এসব বালুমহাল থেকে জব্দকৃত আনুমানিক ১ হাজার টন বালু পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হব এবং বিক্রিকৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। এছাড়াও বালু উত্তোলনের কাজে নিয়োজিত ৪টি শ্যালো মেশিন জব্দপূর্বক ঘটনাস্থলেই নগদ ৩৬ হাজার টাকা মূল্যে নিলামে বিক্রি করা হয়েছে। তিনি আরো জানান, অভিযানের পর মঙ্গলবার রাতে বালু ব্যবসায়িরা জব্দকৃত বালু ট্রাকে করে অন্যত্র সরিয়ে ফেলার খবর পেয়ে সাথে সাথে ট্রাক ভর্তি বালু আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে জড়িত কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তবে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে জানান তিনি।
অভিযানে অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিদুল আলম, মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।