আর্থিক খাতের শেয়ারে বিনিয়োগের ঝোঁক কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত আর্থিক খাতের শেয়ারে বিনিয়োগের ঝোঁক কমেছে। গতকাল রবিবার আর্থিক খাতের ৮২ শতাংশ শেয়ারের দর পতন হয়েছে। এছাড়া গতকাল দর পতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে আর্থিক খাতের তিনটি কোম্পানি যুক্ত হয়। কোম্পানিগুলো হলো- মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড ও বিডি ফাইন্যান্স। তথ্যে দেখা গেছে, পুঁজিবাজারে তালিকাভূক্ত ২৩টি আর্থিক কোম্পানির মধ্যে ১৯টির দর কমেছে। অবশিষ্ট ৪টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। গতকাল দর পতনের দিক থেকে আর্থিক খাতের শীর্ষে অবস্থান ছিল মাইডাস ফাইন্যান্সিং। এই শেয়ারের দর কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। গতকাল এ কোম্পানির ৩ হাজার ৫০০ শেয়ার ৫ বারে লেনদেন হয়। অন্যদিকে, আরও ২টি কোম্পানির মধ্যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড ১ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ২২ শতাংশ দর কমে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে নেমে আসে। এই কোম্পানির ১ লাখ ৭৩ হাজার শেয়ার ১৩৫ বারে লেনদেন হয়। আর বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের শেয়ারদর ৮০ পয়সা বা ৬ দশমিক ০২ শতাংশ কমে দর হারানো কোম্পানিগুলোর মধ্যে সপ্তমে নেমে আসে।