মান্দায় সরকারি সম্পত্তি দখল করে পাকাঘর নির্মাণ
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ২১:০৩
নওগাঁর মান্দায় সরকারি রাস্তার সম্পত্তি দখল করে সাতটি পাকাঘর নির্মাণ করা হয়েছে। উপজেলার ভালাইন ইউনিয়নের আয়াপুর বাজার মোড়ে ঘরগুলো নির্মাণ করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। স্থানীয়দের অভিযোগ, ভূমি অফিসের সহযোগিতায় ঘরগুলো নির্মাণ করছেন তারা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদেকুর রহমান। আয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমেন্দ্রনাথ হাজরা জানান, বিদ্যালয় মাঠের সম্পত্তি দখল করে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে এমন সন্দেহে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে উপজেলা ভূমি অফিসে অভিযোগ করেন তিনি। পরে সরকারি সার্ভেয়ার দিয়ে জরিপ করে দেখা গেছে এটি স্কুলের নয় সরকারি সম্পত্তি। এসময় সার্ভেয়ার সরকারি সম্পত্তিতে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে চলে যান। এরপরও দখলকারীরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। নওগাঁ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন- বিষয়টি তার জানা নেই। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।