জলদস্যুদের হামলায় ১০ জেলে গুলিবিদ্ধ, ৫জন অপহূত
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি ও মনপুরা সংবাদদাতা
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ২১:০৪
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার ঢালচর সংলগ্ন মেঘনায় জেলেদের উপর সশস্ত্র হামলা হয়েছে। জলদস্যুদের গুলিতে ১০ জেলে গুলিবিদ্ধ ও ৫ জেলে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত শনিবার গভীর রাতে একদল জলদস্যু হাতিয়ার দিক থেকে এসে চার-পাঁচটি জেলে নৌকাকে ধাওয়া করে। এসময় জেলেরা বাধা দিলে তাদের উপর এলোপাতাড়ি গুলি চালালে ১০ জেলে গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে। জলদস্যুরা মাছ ও অন্যান্য মালামাল লূটপাট শেষে ৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
অপহূতদের মুক্তির জন্য ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে ভুক্তভোগী জেলেরা জানিয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে মোহাম্মদ রিপন, মোহামদ জসীম, মোঃ রিয়াজ, আব্দুল হাসিন, মোঃ পারভেজ, মোঃ সুজন ও অপহূতদের মধ্যে জামসেদ ও নুরননবী মাঝির নাম জানা গেছে। আহতরা মনপুরা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছে। মনপুরার ওসি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। তার মতে, সেখানে জলদস্যুদের এলোপাতাড়ি গুলিতে ৬ জন আহত ও ৪ জেলে অপহূত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মনপুরা থানায় কোনো মামলা হয়নি।