কুমিল্লায় ৬২৪টি প্রাইমারি স্কুল শিক্ষকের পদ দীর্ঘদিন শূন্য
লুত্ফর রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ২১:০৫
কুমিল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকের ৬২৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে ।
জেলার ২৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এসব বিদ্যালয়ের কার্যক্রম। এতে দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এছাড়া সহকারী শিক্ষকেরও ৩৫০টি পদ শূন্য। প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকের ৬২৪টি পদ শূন্য থাকায় শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মনিটরিং কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, জেলায় ১ হাজার ৩৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্যে নাঙ্গলকোটে ১৪, তিতাসে ১৫, হোমনায় ১২, চৌদ্দগ্রাম উপজেলায় ৪৮টি, দাউদকান্দিতে ৩২, বরুড়ায় ২৪, মনোহরগঞ্জে ২৩, ব্রাহ্মণপাড়ায় ১৬, বুড়িচংয়ে ১১, চান্দিনায় ৮, সদর দক্ষিণে ৪, আদর্শ সদরে ৭, দেবিদ্বার ও মুরাদনগরে ২০টি করে এবং লাকসাম ও মেঘনায় ১০টি করে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের এসব পদ শূন্য থাকার পাশাপাশি জাতীয়করণ হওয়া নতুন বিদ্যালয়গুলোতেও শিক্ষক সংকট রয়েছে।