বড়পুকুরিয়ার কয়লাখনিতে শ্রমিকদের ২ গ্রুপ মুখোমুখি
অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ২১:০৫
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বর্তমান কমিটি ও নতুন আহবায়ক কমিটির দ্বন্দ্বে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের এক গ্রুপে বর্তমান সভাপতি ওয়াজেদ আলী এবং অপর গ্রুপে সাবেক সভাপতি রবিউল ইসলাম নেতৃত্ব দিচ্ছেন। সরেজমিনে দেখা যায়, দুই গ্রুপই একে অপরকে দোষারোপ করে প্রতিদিন বিক্ষোভ সমাবেশ করছে। শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে আতঙ্কের মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছে কর্মকর্তা ও কর্মচারীরা। দুই গ্রুপের তত্পরতায় যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। কয়েকজন শ্রমিক জানান, এখানে দুই গ্রুপের স্বার্থ ব্যতীত সাধারণ শ্রমিকদের কোন স্বার্থ নেই। সাবেক সভাপতি রবিউল ইসলাম বলেন, বর্তমান সভাপতি ওয়াজেদ আলী শ্রমিকদের অর্থ আত্মসাত্ করায় ৮০ ভাগ শ্রমিকের উপস্থিতিতে সভা ডেকে কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে এবং ওয়াজেদ আলীসহ ১৮ জনকে বহিষ্কার করা হয়েছে।
শ্রমিকদের অর্থ আত্মসাতের কথা অস্বীকার করে বর্তমান সভাপতি ওয়াজেদ আলী বলেন, নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর থেকেই রবিউল ইসলাম তার অনুসারীদের নিয়ে নির্বাচিত কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। সাধারণ শ্রমিক নয়, রবিউল ইসলামের কিছু সুবিধাভোগী লোক শ্রমিকদের মধ্যে বিভক্তি সৃষ্টিসহ সংঘাত করার অপচেষ্টা করে যাচ্ছেন। এ কারণে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।