না.গঞ্জ বিআরটিএ অফিসে জাল ড্রাইভিং লাইসেন্স!
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ২১:০৬
নারায়ণগঞ্জ বিআরটিএ অফিসে টাকা হলেই পাওয়া যায় ভুয়া ও জাল ড্রাইভিং লাইসেন্স। আর এসব লাইসেন্স দিয়েই গাড়ি চালাচ্ছে শত শত অদক্ষ চালক। গত শনিবার নারায়ণগঞ্জে বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে ৩১টি যানবাহনকে ৪৮হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজমের নেতৃত্বে ফতুল্লার শিবু মার্কেট এলাকাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলে এ অভিযান। ইউএনও গাউছুল আজম জানান, বিভিন্ন প্রকারের ৩১টি যানবাহন থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বেশিরভাগ যানবাহনের চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল জাল ও ভুয়া। চালকেরা জানিয়েছেন, তারা ৫ হাজার টাকা ব্যয় করে এসব লাইসেন্স নিয়েছেন। নারায়ণগঞ্জ বিআরটিএ অফিস থেকে এসব ভুয়া লাইসেন্স সংগ্রহ করেছেন।