ইমাম নিয়োগকে কেন্দ্র করে মসজিদে তালা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি হাড়ী বেচাপাড়া জামে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের বিবাদে মসজিদে তালা লাগিয়েছে একটি পক্ষ। একারণে সাধারণ মুসল্লিরা গত শুক্রবার থেকে মসজিদে নামাজ আদায় করতে না পেরে বিভিন্ন মসজিদে গিয়ে তারাবির নামাজসহ ওয়াক্তী নামাজ আদায় করছেন। ৪০ বছর ধরে নজরুল ইসলাম ঐ মসজিদে মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ১০ বছর আগে ইমাম আমীর আলীর মৃত্যুর পর ইমামের দায়িত্ব নেন তিনি। এলাকার আব্দুল মান্নানসহ কয়েকজন মুসল্লি ইমামের সুরা কেরাতের ভুল ধরতে আরেকটি ইমাম নিয়ে আসেন। কিন্তু নিজে নামাজ পড়ানোর সিদ্ধান্তে অটল থাকেন ইমাম নজরুল ইসলাম। এ নিয়ে উভয় পক্ষের মুসল্লিদের মধ্যে ধস্তাধস্তি হয়। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলমের সাথে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।