সংবাদ সংক্ষেপ

চরভদ্রাসনে বাস দুর্ঘটনায় ১০ জন আহত চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা\ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আমিরার ব্রীজ নামক স্থানে বাস দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার ফরিদপুর টেপাখোলা বাসস্ট্যান্ড থেকে চরভদ্রাসনের উদ্দেশে ছেড়ে আসা ইয়াসমিন পরিবহনের একটি বাস উপজেলার আমিরার ব্রীজ নামক স্থানে বেলা ১০:৩০ মিনিটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। এই দুর্ঘটনায় বাসের ১০ যাত্রী মারাত্মকভাবে আহত হয়। জানা যায়, আহতদের তাত্ক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ২ জনের শারীরিক অবস্থার অবনতি দেখে তাদেরকে ফরিদপুর আড়াইসো বেড হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান শাহীন তাত্ক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের চিকিত্সার খোঁজ-খবর নেন। বিরামপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ ইসরাইলের আগ্রাসী হামলায় গণহারে ফিলিস্তিনি মুসলিমদের হত্যার প্রতিবাদে গতকাল রবিবার বিরামপুরে থানা ও পৌর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। ভারপ্রাপ্ত থানা আমীর আমজাদ হোসেন ও পৌর আমীর এএসএম ফারুক হোসেনের নেতৃত্বে মিছিলটি ঢাকা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে গণহত্যার বিরুদ্ধে সর্বস্তরের মুসলিমদের সোচ্চার হওয়ার আহবান জানানো হয়। বাঞ্ছারামপুরে একাধিক মামলার আসামি গ্রেফতার বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা হোগলাকান্দি গ্রামের মোঃ মোসলেম মিয়ার ছেলে দুর্ধর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ শাহআলম (২৮)কে গোপন সূত্রের ভিত্তিতে গত শনিবার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ। জানা গেছে যে, মোঃ শাহ আলমের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের অভিযোগ এবং থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে প্রেরণ করেছেন। বানারীপাড়ায় শ্লীলতাহানির বিচার দাবিতে মানববন্ধন বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়ায় প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির প্রতিবাদে ও ধর্ষক সরোয়ার ফরাজীর বিচারেরর দাবিতে এনজিও সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি আশিকুল ইসলাম আজাদ, সম্পাদক এস মিজানুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজল চৌধুরী, নাগরিক উদ্যোগের এরিয়া ম্যানেজার উত্তম কুমার রায়, বার্ডোর ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক মোঃ দিদার হোসেন, অন্বেষা ফাউন্ডেশনের ম্যানেজার আমিনুল ইসলাম স্বপন প্রমুখ। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামে শারীরিক ও বাক প্রতিবন্ধী কিশোরী মেয়েকে ঘরে একা পেয়ে পাশের বাড়ির সরোয়ার ফরাজী (৫০) শ্লীলতাহানি করে। ওই দিন রাতে পুলিশ সরোয়ার ফরাজীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদি হয়ে থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। বনপাড়া পৌরসভার ২৮ কোটি টাকার বাজেট পেশ বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা\ নাটোরের বনপাড়া পৌরসভায় গতকাল রবিবার মেয়র কেএম জাকির হোসেন নতুন কোন কর আরোপ ছাড়াই ২৭ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৮০৭ টাকার বাজেট পেশ করেন। বাজেট অনুষ্ঠানে পৌর সচিব রেজাউল করিম, সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম ও কাউন্সিলর ময়েজউদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কাউন্সিলর ঈমান আলী, মোহিত কুমার সরকার, বেলাল হোসেন মৃধা, আসলাম হোসেন ও শরিফুন্নেসা শিরিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিএসএফের হাতে মহেশপুরের গরু ব্যবসায়ী আটক মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল রবিবার ভোরে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ৫টি গরুসহ খাইরুল ইসলাম (২২) নামের এক যুবক আটক হয়েছে। ৬ বর্ডার গার্ড ব্যটিলিয়নের পরিচালক মনিরুজ্জামান জানান, মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের নাছির উদ্দীনের ছেলে খাইরুল ইসলাম ভোরে সহপাঠিদর নিয়ে ৬০ নম্বর মেইন পিলারের ৮৮সাব পিলার পার হয়ে ভারতর থেকে ৫টি গরু নিয়ে কুমারী এলাকায় এলে ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কুমারীপাড়া ক্যাম্পের টহলদল তাকে গরুসহ আটক করে। আটককৃত খাইরুল ইসলাম ভারতীয় রামনগর বিএসএফ ক্যাম্পে আটক আছে। তাকে ফেরত আনার জন্য বাঘাডাঙ্গা সীমান্তের ৬৩নং মেইন পিলারের কাছে সকাল সাড়ে ১০টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন রামনগর ক্যাম্পের বিএসএফের ইন্সেপেক্টর সতন্ত্রসিং এবং বাংলাদেশের পক্ষে বাঘাডাঙ্গা বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার ইয়াকুব আলী। পতাকা বৈঠকে বিএসএফ জানায়, তাকে পুলিশ আটক করে হাসখালি থানায় রেখে এবং ভারতীয় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে। ইসলামপুরে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের ইসলামপুরে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল রবিবার নির্বাহী অফিসার মোঃ মাসূমুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় বর্তমান সরকারের উন্নয়নমূলক বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার মোঃ মতিয়ার রহমান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চালের্স,ইউপি চেয়ারম্যান হাবিবুর চৌধুরী শাহীন উপসহকারী কৃষি অফিসার মোঃ শাহ্ আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি তছির উদ্দিন,কৃষক আব্বাস আলী বাঘা প্রমুখ। কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় কারাদন্ড কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষা নদী থেকে আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২টি ড্রেজার জব্দ ও ১১ শ্রমিকের জরিমানা ও ১ শ্রমিকের কারাদ্ল প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, গতকাল রবিবার কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পির নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জ-২ অংশ নারগানা এলাকায় আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ ধারা মোতাবেক ২টি ড্রেজার জব্দ এবং ড্রেজারের ১১ শ্রমিকের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এরা হচ্ছে- রাহাত (১৮), কামাল হোসেন (৩৮), সজিব (১৮), ইউনুস মিয়া (৫০), হারুন হাওলাদার (৫২), সাহিদুল ইসলাম (২৮), সেলিম (৪০), রনি (২৫), বাবুল মিয়া (১৯), হামিদ (২৬) ও নান্নু মিয়া (৩৫)। অন্যদিকে দন্ডবিধি ১৮৬০-এর ১৪৮ ধারায় ড্রেজার ম্যানেজার আফসার উদ্দিনকে (৫০) ১ মাসের বিনাশ্রম কারাদ্ল প্রদান করেছেন। জীবননগরে আখ চাষীদের মাঝে টাকা বিতরণ জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ আখ চাষে অধিক ফলনের লক্ষ্যে রোপা পদ্ধতিতে আখ চাষে উত্সাহ প্রদানে এবং পদ্ধতিগতভাবে মুড়ি আখ চাষের জন্য ২০১৩-২০১৪ মৌসুমে রোপণকৃত দন্ডায়মান আখে জীবননগর উপ-অঞ্চলের ইক্ষু চাষীদের মাঝে ভর্তুকীর টাকা প্রদান করা হয়েছে। কেরু এ্যান্ড কোম্পানীর জীবননগর সাবজোনের সাবজোন প্রধান মো. গিয়াস উদ্দীন ব্যবস্থাপক ১৫১ জন কৃষকের মাঝে ২ লক্ষ ৯৪ হাজার ৯০৬ টাকা তুলে দেন। বিএসআরআই ঈশ্বরদীর প্রতিনিধি আবুয়াল হোসেন, এসএসিডিও মিজানুর রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। বাগেরহাটে সাংবাদিকদের সাথে এ্যাডভোকেসী সভা বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটে পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)’র সাথে সাংবাদিকদের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে পিএসটিসি’র কার্যালয়ে এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি বাবুল সরদার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে বক্তৃতা করেন, সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, বিষ্ণু প্রসাদ চক্রবতী, আজাদুল হক, শওকত আলী বাবু, আলী আকবর টুটুল, রবিউল ইসলাম, ইয়ামিন আলী, মাসুদুল হক, পিএসটিসি’র ডিআইসি ম্যানেজার শামীমা আক্তার রুপা, স্বাস্থ্য সহকারী তামান্না সুলতানা, শাহনাজ খান আঁখি, জীবন অধিকার সংগঠনের নেত্রী নাসরীন আক্তার প্রমুখ। লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল রবিবার সকালে জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া শফিরহাট এলাকায় এক হিন্দু পরিবারের ওপর হামলা ও তাদের বাড়িতে অগ্নিসংযোগ করে দুই বিঘা জমি দখল করে নিয়েছে দুর্বৃত্তরা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে এখনো দুর্বৃত্তদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। হামলার ঘটনায় আহতরা হলেন বিধবা পুষ্প রানী সেন, তার দুই ছেলে শ্যামল চন্দ্র সেন, কমল চন্দ্র সেন ও শ্যামল চন্দ্র সেনের স্ত্রী দীপালি রানী সেন। স্থানীয় প্রভাবশালী আবুল হোসেন ও তার লোকজন ওই হিন্দু পরিবারের জমি দীর্ঘদিন থেকে জোরপূর্বক ভোগদখল করে আসছিলেন। হিন্দু পরিবারটি আদালতের আশ্রয় নিলে তাদের পক্ষে রায় যায়। আবুল হোসেন ও তার লোকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে রবিবার সকালে ওই পরিবারের উপর হামলা, বাড়িতে অগ্নিসংযোগ করে জমি আবারো দখল করে নেয়। ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন জাবি প্রতিনিধি \ গতকাল রবিবার ফিলিস্তিনের গাজায় ইসরাইল কর্তৃক গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা ইসরাইলের কর্মকাণ্ডকে ইতিহাসের সবচেয়ে নোংরা ও হিংস্র কাজ বলেও আখ্যা দিয়ে এই মুহূর্তে গণহত্যা বন্ধের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান এবং বিশ্বের কর্তাব্যক্তি ও রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে এই গণহত্যা প্রশ্নে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর নিরব ভূমিকার তীব্র নিন্দা জানান। মানববন্ধনে ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ও প্রভাষক মোহাম্মদ মামুন অর রশীদ ও ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মো:ফখরুল ইসলাম প্রমুখ শিক্ষক উপস্থিত ছিলেন। গোবিন্দগঞ্জে ছিনতাইকারীদের গুলিতে ২ জন আহত গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত শনিবার রাতে ছিনতাইকারীদের গুলিতে কর্মচারীসহ এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে উপজেলা শহরের ঝিলপাড়া গোবিন্দগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- শহরের মুদি দোকানী অরুণ চন্দ্র সাহা ও তার কর্মচারী মিন্টু মিয়া। তাদের বাড়ি পুরাতন গোবিন্দগঞ্জ এলাকায়। গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ী অরুণ চন্দ্র সাহা তার কর্মচারী মিন্টু মিয়াকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় একদল ছিনতাইকারী তাদের পথরোধ করে। একপর্যায়ে তারা গুলি করে তাদের কাছে থাকা সর্বস্ব ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে । দিনাজপুর চেম্বারের সভাপতি হলেন মোসাদ্দেক হুসেন স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গত শনিবার সকালে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যকরী কমিটির আগামী ২ বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মোসাদ্দেক হুসেন। আনোয়ারুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি ও সারওয়ার আশফাক আহমেদ লিয়ন সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন বোর্ডের আহ্বায়ক এ্যাড. আশফাক আহমেদ শনিবার ৩টি পদে ৩ জনকে নির্বাচিত ঘোষণা করেন। উল্লেখ্য, ৫ জুলাই চেম্বার অব কমার্সের নির্বাচনে ১১২১ জন ভোটার নির্বাহী পরিষদের সদস্য হিসেবে ২১ জনকে নির্বাচিত করেন। শিবালয়ে ডাক্তারের হাতে আরএমও প্রহূত শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নবীন ডাক্তারের হাতে নির্দয়ভাবে প্রহূত হয়ে আবাসিক মেডিক্যাল অফিসার-আরএমও ডা. খান মোহাম্মদ জহির (৫৮) হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শনিবার দুপুরে এ ঘটনার পর থেকে অভিযুক্ত ডা. অশোক কুমার পলাতক রয়েছেন। জানা গেছে, এ স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত ডা. অশোক অবৈধভাবে ছুটি কাটানো ও প্রশিক্ষণে অংশগ্রহণ না করার বিষয়ে আরএমও ডা. জহির খোঁজ-খবর নেন। এতে ক্ষুব্ধ হয়ে ডা. অশোক অফিসকক্ষে ঢুকে ডা. জহিরকে বেদম মারপিট করে। পার্শ্ববর্তী নার্স-কর্মচারীরা এগিয়ে এসে জহিরকে উদ্ধার করে। গুরুতর আহত ডা. জহিরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল হালিম মোল্লা জানান, ঘটনার পর থেকে অশোক লা-পাত্তা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদের বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ফিলিস্তীনের মুসলামানদের উপর ইসরাইলীদের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদের গতকাল রবিবার বাদ জোহর কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইউনুসিয়া মাদ্রাসার সহশ্রাধিক ছাত্র বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশ করে। এসময় শহরের প্রধান সড়ক হাসপাতাল রোডে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সমাবেশে সংগঠনের উপদেষ্টা মাওলানা ফয়জুল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মাওলানা এরশাদউল্লাহ, মাওলানা মোমিন, মাওলানা কেফায়েত উল্লাহ, মাওলানা নুরুল আল মনসুর প্রমুখ। ডিমলায় ৩ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন ডিমলা (নীলফামারী) সংবাদদাতা\ নীলফামারীর ডিমলায় রবিবার উপজেলা পরিষদ মাঠে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব হোসেন, সদর ইউপি চেয়ারম্যান রফিজুল ইসলামসহ ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। রায়পুরায় রাস্তার পাশ থেকে ৩২টি সরকারি গাছ কর্তন রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\ নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে রাস্তার পাশের আকাশী, মেহগনি সহ বিভিন্ন প্রজাতীর প্রায় লক্ষাধিক টাকার সরকারী গাছ প্রশাসনের অনুমতি ছাড়াই কর্তন করেছে স্থানীয় প্রভাবশালী মোঃ খলিলুর রহমান মাস্টার ও তার ছোট ভাই তাজ উদ্দিন। এদিকে এলাকার অধিকাংশ মানুষ রাস্তার পাশের গাছগুলো সরকারী দাবী করলেও স্থানীয় প্রশাসন বলছেন তার উল্টো। বাবুগঞ্জে ভূমি অধিকার বাস্তবায়ন কমিটি গঠন বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা\ খাস জমি ও জলমহলে অধিকার প্রতিষ্ঠায় সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অধিকার বাস্তবায়ন কমিটি গঠন ও পরিচিতি সভা গতকাল রবিবার মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত হয়। স্পিড ট্রাস্টের বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা শাহজাহান মানিক,আঃ করিম হাওলাদার,প্রজেক্ট ম্যানেজার হেমায়েত উদ্দিন,ফোকাল পারসেন্ট ঝুমু কর্মকার,উপজেলা ম্যানেজার নাসরিন আক্তার,কমিটি মবিলাইজার জিয়াউর রহমান প্রমূখ।সভায় মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদারকে সভাপতি ও আঃ রহিমকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়। মুক্তাগাছায় আর্জেন্টিনা সমর্থকদের মিছিল মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা\ বিশ্বকাপ ফাইনাল খেলাকে সামনে রেখে গতকাল রবিবার মুক্তাগাছায় আর্জেন্টিনা সমর্থকরা শহরে মিছিল করে উচ্ছ্বাস প্রকাশ করেছে। দুপুর থেকে সমর্থকরা সমর্থিত দলের পোশাক পড়ে পিকআপ ভ্যানে মাইক, সাউন্ডবক্স টানিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমর্থকদের আশাবাদ আজ কমপক্ষে দুই গোলের ব্যবধানে আর্জেন্টিনা দল জয়ী হয়ে বিশ্বকাপ ট্রপি নিবে। তাদের ধারণা মেসি আজ একটি গোল করবে। ডোমারে জমি নিয়ে সংঘর্ষ ঃ আহত ৪, গ্রেফতার ২ ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় জমি নিয়ে দুই দলের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গ্রেফতার ২ জন। গত শনিবার রাত ৮টায় উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামে ছামসুল ইসলাম তার দখলে থাকা জমিতে হাল চাষ করতে গেলে পার্শ্ববর্তী আব্দুর রাজ্জাক ও তার লোকজন হাল চাষে বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আবু তালেব (৪০), মিস্টার ফারুক (২৭), বেগম (৩৮) ও রেয়াজুল (৪৫) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আবু তালেবের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিত্সার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নুরল ইসলাম (৫৫) ও তার ছেলে হাসিবুল (৩০) কে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে কেতকীবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছামছুল ইসলাম ও আব্দুর রাজ্জাকের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রানীশংকৈলে ৪ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গতকাল রবিবার ৪ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। ইউএনও আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য ইয়াসিন আলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও ওসি আব্দুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম। প্রবন্ধ পাঠ করেন সহ-কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন। বক্তব্য রাখেন নার্সারি মালিক সমিতির সভাপতি ইয়ারউদ্দিন বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, আ’লীগ ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দিন ও অধ্যক্ষ তাজুল ইসলাম প্রমুখ। ঘিওরে ফরমালিনের ব্যবহার রোধে মতবিনিময় ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জ ঘিওর উপজেলায় গণমাধ্যম ব্যক্তিদের সাথে ফরমালিনের ব্যবহার রোধে এক মতবিনিময় সভা গত রবিববার মত্স্য কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঘিওর উপজেলা মত্স্য কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ঘিওর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঃ রশিদ, মত্স্য অফিসের ক্ষেত্র সহকারী হারুন উর রশিদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রতিনিধি মোঃ মোবারক হোসেন, সাংবাদিক শফি আলম, আব্দুর রাজ্জাক, রামপ্রসাদ সরকার দীপু ও মোঃ উবায়দুর রহমান প্রমুখ। উল্লেখ্য, এ মত বিনিময় সভায় সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রিশালে ‘উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান । উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজিম উদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান প্রমুখ। উল্লেখ্য, গ্রন্থটির লেখক মোজাহিদ খান (ভালা)। সেনবাগে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ গতকাল রবিবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভূইয়ার দীঘির রাস্তার মাথা নামক এলাকা অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ মোহাম্মদ ইউছুপ (২১) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ইউসুপ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের ছেলে । অভিযান পরিচালনা করেন সেনবাগ থানার এএসআই আবু তাহের ও শহীদুল আলম। এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মান্দায় বিদ্যুত্ লাইন ও রাস্তার উদ্বোধন মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মান্দা উপজেলায় গতকাল রবিবার পাট ও বস্ত্র মন্ত্রী মুহাম্মাদ ইমাজ উদ্দীন প্রামানিক, বেলা ১১টায় বড়পই ১১নং কালিকাপুর বেলা ২টায় বড়বেলালদহ ও ছোট বেলালদহ রাস্তা ও বিদ্যুত্ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ এমদাদুল হক মোল্লা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স ম জসিম উদ্দীন, সহ-সভাপতি লতিফ শেখ, যুব লীগের সভাপতি এ্যাডঃ মোঃ নাহিদ প্রমুখ কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থক গ্রেফতার কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সম্রাট শেখ (২৫) নামে এক আর্জেন্টিনা সমর্থককে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার উত্তরপাড়া (কুঞ্জবন) গ্রামের হেলাল মার্কেটে আর্জেন্টিনার সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ জন আহত হয়। এ ঘটনায় ব্রাজিলের সমর্থক জুলমত বাদি হয়ে আর্জেন্টিনার ১৫ সমর্থক আসামি করে কোটালীপাড়া থানায় ১টি মামলা দায়ের করেন। পুলিশ গত শনিবার রাতে ওই মামলায় আসামি আর্জেন্টিনার সমর্থক সম্রাট শেখকে গ্রেফতার করে। ফিলিস্তিনের গাজায় মুসলিম হত্যার প্রতিবাদে লাকসামে বিক্ষোভ লাকসাম (কুমিল্ল¬া) সংবাদদাতা \ ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় অসংখ্য মুসলমানদের হত্যার প্রতিবাদ গতকাল রবিবার লাকসাম উপজেলা জামায়াত ও মুসুল্লিদের উদ্যোগে পৌরসভা জামায়াতের সেক্রেটারী আনোয়ার হোসেন ফারুকের নেতৃত্বে একটি মিছিল ব্যাংক রোড চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সামনির পুল এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা ফিলিস্তিনী মুসলমানদের উপর ইসরাইলী বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। এতে অংশগ্রহণ করেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর মাওলানা এসএম নুরুল্লাহ, লাকসাম পৌরসভা জামায়াত নেতা আহসান উল্লাহ মিয়াজী, সাহাবুদ্দিন হায়দার, মাঈন উদ্দিন, লাকসাম শহর শাখা শিবিরের সভাপতি ইকবাল হাসান মাহমুদসহ অনেকে । বোদায় অবহেলার কারণে প্রধান শিক্ষককে শো-কজ বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ ক সেটের পরিবর্তে খ সেট প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা গ্রহণ ও পাবলিক পরীক্ষায় দায়িত্ব অবহেলার কারণে পঞ্চগড়ের বোদা এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিব, বোদা মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হককে শো-কজ করা হয়েছে। কলেজ-৪ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্ত-এর এক পত্রে গতকাল রবিবার এই শো-কজ পত্র প্রেরণ করে ৭ দিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে। ২০১৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায়, গত ২৫ ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিত জীব বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় কেন্দ্র সচিব শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে ক সেটের পরিবর্তে খ সেট প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করে। বিষয়টি জানতে পেরে ফল বিপর্যয়ের আশঙ্কায় ওই দিন পরীক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্র সচিবের বিচার দাবি করে বিক্ষোভ প্রদর্শনসহ মহাসড়ক অবরোধ করে। পরে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পঞ্চগড় জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। গোবিন্দগঞ্জে গুলি করে ব্যবসায়ীর টাকা ছিনতাই গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধা গোবিন্দগঞ্জে ছিনতাইকারীরা গুলি ও ছুরিকাঘাত করে ব্যবসায়ীর কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। শনিবার পুরাতন গোবিন্দগঞ্জের বঙ্কুরাম সাহার পুত্র অরুন সাহা গোবিন্দগঞ্জ বন্দরে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকান কর্মচারী একই গ্রামের বিমলের পুত্র মন্টু চন্দ্রকে সাথে নিয়ে বাড়িতে আসার পথে শহরের গার্লসস্কুল মোড়ের একদল ছিনতাইকারী কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা তাদের গুলি ও ছুরিকাঘাত করে অরুনের কাছে থাকা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। তাদের চিত্কারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম জানান, ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।