ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে মাইক্রোবাসের চাপায় স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার পোড়াহাটি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী তাসলিমা খাতুন (১৪) ও ঘোড়ামারা গ্রামের মহম্মদ আলির ছেলে রং মিস্ত্রী ইমামুল হক (২০)। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাস ঝিনাইদহের কালীগঞ্জ যাচ্ছিল। পোড়াহাটি নামক স্থানে পৌঁছালে মাইক্রোবাসের সামনের চাকা ফেটে যায়। মাইক্রোটি প্রথমে স্কুলছাত্রী তাসলিমা ও পরে বাইসাইকেল আরোহী ইমামুলকে চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিত্সক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত রেজাউল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।