বেলকুচি ও এনায়েতপুরে ঘূর্ণিঝড়ে আহত ১০ ঘর-বাড়ি বিধ্বস্ত

বেলকুচি ও চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর থানার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে কয়েকশ’ কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্তসহ ১০ জন আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়েছে। ঝড়ে গাছপালা ও ধানের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাইফুর রহমান ও দৌলতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুদ রানা জানান, গত মঙ্গলবার রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া, দৌলতপুর, এনায়েতপুর ও আশপাশের এলাকায় ঘূর্ণিঝড় ও বজ্রসহ বৃষ্টি হয়। এতে ধুকুরিয়া বেড়া বাজারসহ লক্ষ্মীপুর, পিড়ারচর, সাতলাঠি, দৌলতপুর, এনায়েতপুর গোপালপুর, বেতিলচরের প্রায় কয়েকশ কাঁচা ঘর-বাড়ি, দোকানপাট, হাজার হাজার গাছপালা ও জমির পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়। ঘর ও গাছ পড়ে পিড়ারচরের বৃদ্ধাসহ অন্তত ১০ জন আহত হন। এছাড়া ধুকুরিয়া বেড়া, লক্ষ্মীপুর, পিড়ারচর, সাতলাঠি ও ব্রাহ্মণ গ্রামের গাছ পড়ে অর্ধশতাধিক বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে রাত থেকে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।