সুনামগঞ্জে টিসিবি’র মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি

সুনামগঞ্জে টিসিবির ডিলারদের দোকানে মেয়াদোত্তীর্ণ ভোজ্যতেল, ডাল, চিনি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ন্যায্যমূল্যে এসব পণ্য পাওয়া গেলেও মেয়াদ না থাকায় সেগুলো ক্রয় করতে আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা। ফলে উত্তোলিত পণ্য নিয়ে বিপাকে পড়েছেন ডিলাররা। কেউ কেউ অবশ্য মফস্বলের ক্রেতাদের অজ্ঞতাকে কাজে লাগিয়ে এসব মেয়াদোত্তীর্ণ পণ্য কৌশলে বিক্রি করে দিচ্ছেন। এতে এসব পণ্য ব্যবহারকারীদের স্বাস্থ্যহানি ঘটার আশংকা রয়েছে। এদিকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করতে না পারায় ষষ্ঠ কিস্তির পণ্য শেষ হওয়ার পর আর পণ্য উত্তোলন করবেন না বলে জানিয়েছেন ডিলাররা। উত্তোলিত মেয়াদোত্তীর্ণ মোটা দানার চিনি গলে পানি হয়ে গুদামগুলোতে যাচ্ছেতাই অবস্থার সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা ও বাণিজ্য শাখা সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলায় টিসিবির ২৫ জন ডিলার রয়েছেন। ২০১৩-২০১৪ অর্থ বছরে মাত্র ৭ জন ডিলার ষষ্ঠ কিস্তির পণ্য উত্তোলন করেছেন। উত্তোলিত পণ্যের মধ্যে রয়েছে ছোলা, মশুর ডাল, পাম অয়েল, সয়াবিন তেল (এস আলম ও ফ্রেশ), চিনি ইত্যাদি। ডিলারদের দোকানে গিয়ে দেখা গেছে পামঅয়েল ও এস আলম-ফ্রেশের সয়াবিন তেলের মেয়াদ গত মাসের ৬ তারিখে শেষ হয়ে গেছে। চিনির মেয়াদও শেষ হয়ে যাওয়ায় গলে যাচ্ছে। ডালেও পোকা ধরেছে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শাফায়াত মাহবুব চৌধুরী বলেন, টিসিবির পণ্যের মেয়াদ চলে গেলে তা বিক্রি না করে ফেরত দিতে হবে। কোথাও বেশিমূল্যে বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।