ফাইনালের আগে ১৯ জনকে আটক করেছে ব্রাজিলিয়ান পুলিশ

বিশ্বকাপ ফাইনালের আগে ১৯ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। রিও ডি জেনিরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে গতকাল রাতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এই আটকের ঘটনা ঘটেছে বলে সূত্র জানিয়েছে। জানা গেছে, ২৮ জনের বিপক্ষে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও নয়জন পলাতক রয়েছে। পুলিশের অভিযোগ যদি প্রমাণিত হয় তবে আটককৃতদের কমপক্ষে তিন বছরের জেল হতে পারে বলে সূত্রটি নিশ্চিত করেছে। আটককৃত বিক্ষোভকারীরা রবিবার দুপুরে জার্মান বনাম আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচকে সামনে রেখে মারাকানা স্টেডিয়ামে বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। পুলিশ জানিয়েছে তারা সকলে পিস্তল, দাহ্য পদার্থ, মাদক ইত্যাদি বহন করছিল।