মানিকগঞ্জে পাঞ্জাবিতে নকশা করতে ব্যস্ত ৬০ হাজার নারী
মানবেন্দ্র চক্রবর্ত্তী, সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ২২:১৫
ঈদকে সামনে রেখে পাঞ্জাবিতে নকশা তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন মানিকগঞ্জের অন্তত ৬০ হাজার নারী। পাঞ্জাবি-ফতুয়ায় নকশা তোলার কাজ করে শেষ মুহূর্তে তারা এখন ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন গ্রামে, পাড়া-মহল্লায় চলছে উত্সবমুখর পরিবেশ। এখানকার নকশা তোলা পাঞ্জাবি-ফতুয়া ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। রফতানি হচ্ছে কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, জাপানসহ বিভিন্ন দেশে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মানিকগঞ্জে আয়শা আবেদ ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে। ব্র্যাকের নিজস্ব সেলস সেন্টার আড়ংয়ের মাধ্যমে এসব পাঞ্জাবি বিক্রি হয়।
প্রথম দিকে অনেকেই বাঁকা চোখে দেখতেন নারীদের এ কাজকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলে গেছে। গত এক দশকে এ নকশার কাজে নীরব বিপ্লব ঘটেছে মানিকগঞ্জ জেলায়। এখন প্রায় ৬০ হাজার নারী যুক্ত আছেন এ কাজে।
ব্র্যাকের ম্যানেজার শ্যামল কুমার দাশ বলেন, প্রতিষ্ঠানটির উদ্যোগে আজ থেকে ১২ বছর আগে এ জেলায় সর্বপ্রথম বেকার যুবতী ও দুস্থ নারীদের পোশাকের ভরাট কাজের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। আয়শা আবেদ সেন্টার থেকে এ পর্যন্ত প্রায় ২৫ হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছে। বর্তমানে এ সেন্টারের আওতায় ৫ হাজার নারী শ্রমিক কাজ করছেন। তাদের কারো কারো মাসিক আয় ১৫ হাজার টাকা পর্যন্ত। এ বছর ঈদকে সামনে রেখে শুধু ব্র্যাকই দেড় লাখ পিসের উপরে পণ্য সরবরাহ করবে।
ক্ষুদ্র্র ও কুটির শিল্পে দেশের একমাত্র সিআইপি জননী ক্রাফটস অ্যান্ড ফ্যাশন, নকশী, ইউসুফ-ইব্রাহিম হ্যান্ডিক্র্যাফট, বর্ণালী প্রিন্টার্সসহ বেশ কিছু প্রতিষ্ঠানে নারীরা এ কাজ করছেন।