দুই পরিবহন শ্রমিককে মারধরের জের
গোপালগঞ্জের ওপর দিয়ে খুলনাগামী সব যানবাহন চলাচল বন্ধ
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ২২:৩৪
খুলনায় গোপালগঞ্জের দুই পরিবহন শ্রমিককে মারপিটের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী খুলনার সব পরিবহন বন্ধ করে দিয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন মোড়ে খুলনার অসংখ্য গাড়ি আটকা পড়েছে। অন্য সকল রুটের গাড়ি চলাচল অব্যাহত রয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত গোপালগঞ্জের ওপর দিয়ে খুলনার কোন গাড়ি চলাচল করতে দেয়া হবে না বলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন।