বাংলাদেশের জন্য ভারতের সহায়তা বরাদ্দ কমেছে

ভারতের ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে প্রতিবেশী ও উন্নয়নশীল দেশে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় সাহায্য ও সহযোগিতামূলক কর্মসূচিতে এবারের বাজেটে বরাদ্দের পরিমাণ বাড়লেও বাংলাদেশের জন্য সহায়তা বরাদ্দ কমানো হয়েছে। গত অর্থ বছরে বাংলাদেশের জন্য এই বরাদ্দ ছিল ৫৯০ কোটি রুপি। কিন্তু তা কমিয়ে এবার ৩৫০ কোটি রুপি প্রস্তাব করা হয়েছে। নতুন সরকারের আমলে বাংলাদেশের জন্য সহায়তা বরাদ্দ কমেছে ২৪০ কোটি রুপি। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বিজনেস স্টান্ডার্ডের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ঐ প্রতিবেদনে বলা হয়, দেশটির ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বেড়েছে ২৫ শতাংশ। প্রতিবেশী সবগুলো দেশের ক্ষেত্রে সহায়তার পরিমাণও বৃদ্ধি পেয়েছে কিন্তু কমেছে শুধু বাংলাদেশের। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভুটানে ভারতের সাহায্য বেড়েছে সবচেয়ে বেশি; প্রায় ৫০ শতাংশ। আগের বছরের ৪ হাজার ১০৯ কোটি রুপি থেকে বেড়ে এ বছর বরাদ্দ হয়েছে ৬ হাজার ৭৪ কোটি রুপি। উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে গত মাসে ভুটান যান নরেন্দ্র মোদী। আফগানিস্তানকে এ বছর বরাদ্দ দেয়া হয়েছে ৬৭৬ কোটি রুপি, যা গত বছর ছিলো ৫২৫ কোটি রুপি। এছাড়া নেপালকে ৩৮০ কোটি রুপি থেকে বাড়িয়ে দেয়া হয়েছে ৪৫০ কোটি রুপি। শ্রীলঙ্কার জন্যও আগের বছরের থেকে ৯০ কোটি রুপি বেশি বরাদ্দ রাখা হয়েছে।