গাজায় ইসরাইলি হামলার ঘটনায় জেপির নিন্দা

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহীদুল ইসলাম গাজায় ইসরাইলি হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন। গতকাল রবিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পবিত্র রমজান মাসে ইসরাইলি বাহিনী মূলত গাজাকে অবরুদ্ধ করে রেখেছে এবং সেখানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইতিমধ্যে নারী ও শিশুসহ প্রায় দেড় শতাধিক ব্যক্তির প্রাণহানির খবর মিডিয়াতে প্রকাশিত হয়েছে। আমরা নিরস্ত্র মানুষের উপরে ইসরাইলি এই নগ্ন হামলার কঠোর নিন্দা জ্ঞাপন এবং অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনি জনগণের নিজস্ব আবাসভূমি দাবির প্রতি দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করে জেপি নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের জনগণ সর্বদা ফিলিস্তিনি ভাইদের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। -প্রেস বিজ্ঞপ্তি