গাজায় ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ২২:৪১
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ফিলিস্তিনির গাজা উপত্যকায় ইসরায়েলিদের অমানবিক, বীভত্স বিমান ও মর্টার হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা বন্ধের জন্য আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।
রবিবার এক বিবৃতিতে সৈয়দ আশরাফ আরো বলেন, গত পাঁচদিন যাবত্ ইসরায়েলিরা ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় বিমান ও মর্টার হামলা অব্যাহত রেখেছে। শনিবার তারা দুটি মসজিদে, দাতব্য প্রতিবন্ধী কেন্দ্রসহ বেশ কয়েক জায়গায় হামলা চালিয়েছে। হামলায় এ পর্যন্ত দেড় শতাধিক লোক মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে শিশু ও নারীসহ ৭৫০ জনেরও বেশি। অব্যাহত হামলার কারণে ফিলিস্তিনের গাজায় এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। যা বিপন্ন মানবতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। ঐ এলাকার জনগণ আরো হামলার ভয়ে বাড়িঘর ছেড়ে খোলা জায়গায় অবস্থান করে মানবেতর ও আতংকের মাঝে দিনাতিপাত করছে। হাসপাতালগুলো লাশের সারি আর আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে। যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে।
আশরাফ বলেন, শনিবার গাজা শহরের পার্শ্ববর্তী তুফাহর পূর্বাঞ্চলে সর্বশেষ হামলায় ৩ জন নিহত হয়। এর আগে উত্তরাঞ্চলের বেইত লহিয়ায় প্রতিবন্ধী বিষয়ক একটি দাতব্য সংস্থায় এ হামলায় ২ জন নিহত হয়। শহরের পশ্চিমাঞ্চলে হামলায় ৩ জন নিহত হয়। গাজায় দুটি মসজিদ বোমা মেরে উড়িয়ে দেয়া হয়েছে। সিয়াম সাধনার মাসে এই ধরনের বর্বরোচিত হামলা বিশ্ববাসীর কাম্য নয়। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলীদের এমন বর্বরোচিত হামলায় বিশ্ববাসীর সাথে বাংলাদেশের জনগণও হতবাক। তিনি গভীর উদ্বেগের সাথে বলেন, জাতিসংঘ কূটনৈতিক তত্পরতা চালালেও তাতে তেমন কোন অগ্রগতি না হওয়া বিশ্ব শান্তির জন্য এক অশনি সংকেত। তাছাড়া জাতিসংঘের মানবাধিকার সংস্থাসহ আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে এই হামলা অব্যাহত রাখার যে ঘোষণা ইসরায়েলের সরকার প্রধান দিয়েছেন তা বিশ্বের শান্তি রক্ষার জন্য হুমকিস্বরূপ। সেই কারণে তিনি অবিলম্বে কূটনৈতিক তত্পরতা বাড়িয়ে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই বর্বরোচিত হামলা বন্ধের দাবি জানান।