সাভারে প্রাইভেটকারসহ মলম পার্টির তিন সদস্য আটক

সাভারে ছিনতাইকৃত প্রাইভেটকারসহ মলম পার্টির তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোড়পুল নিমেরটেক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সাদা রংয়ের একটি ছিনতাইকৃত প্রাইভেটকার ও এর চালক শেখ মনিরকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন আব্দুল করিম মুন্সি, ইমদাদুল, আলমগীর। তারা সকলেই মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকার বাসিন্দা এবং মিরপুর ১০ নম্বরে ভাড়া বাসায় থেকে ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত। প্রাইভেটকার চালক মনির জানান, আটককৃতরা আমার গাড়ি ভাড়া করে এবং আমাকে অচেতন করে গাড়িটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। গোয়েন্দা পুলিশসূত্রে জানা যায়, নিয়মিত কাজের অংশ হিসাবে গতকাল সকালে টহল ডিউটিতে থাকা অবস্থায় সাভারের নিমেরটেক এলাকা থেকে গাড়ি ছিনতাইয়ের সময় মলম পার্টির ওই তিন সদস্যকে আটক করা হয়। ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের এসআই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা আন্ত:জেলা গাড়ি ছিনতাই চক্র ও মলম পার্টির সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভাড়া করে চালকদের নির্জন স্থানে নিয়ে অচেতন কিংবা হত্যা করে গাড়ি ছিনিয়ে নেয় বলেও জানান তিনি। সাভার মডেল থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।