সংবাদ সংক্ষেপ

কক্সবাজারে বাঁকখালীতে

ডুবে দুইজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের বাঁকখালী নদীতে ডুবে মারা গেছে স্কুল শিক্ষার্থী ও প্রবাসীসহ দুইজন। গতকাল বুধবার বেলা ১টার দিকে বাঁকখালী নদীর রামু উপজেলার মিঠাছড়িঘাট এলাকা দিয়ে খালের ওপারে খরুলিয়া বাজারে গরু আনতে গিয়ে দুর্ঘটনায় পতিত হন তারা। জাল ফেলে বিকাল ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। নিহতরা হলেন, রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণপাড়ার সোলতান আহমদের ছেলে শিক্ষার্থী মো. সাহেদ (১৫) ও একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে প্রবাসী আমির হোসাইন (২৫)। সাহেদ দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ ইউনূস ভূট্টো বলেন, সড়কপথে ৬ কিলোমিটার না হেঁটে খালের ওপারের বাজারে সহসা গরু নিয়ে পৌঁছাতে গরুসহ খালপার হচ্ছিল তারা। মাঝখানে যাওয়ামাত্র তারা দুইজন তলিয়ে যায়।

দামুড়হুদায় ঝড়ের সময় রাস্তায় পড়ে কলেজ-ছাত্রের মৃত্যু

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা দামুড়হুদায় মঙ্গলবার সন্ধ্যার পর ঝড় শুরু হলে দ্রুত বাড়িতে ফেরার পথে রাস্তায় পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মাহফুজুর রহমান রৌদ্র। ঝড়ে উপজেলায় বড় বড় গাছ ও ৩৩ কেবি বৈদ্যুতিক পোল ভেঙে উপড়ে গেছে। এতে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয়রা জানান, ঝড় শুরু হলে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের শ্যামপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ও মেধাবী কলেজ ছাত্র মাহফুজুর রহমান রৌদ্র স্থানীয় বাজার থেকে দ্রুত বাড়ি ফিরছিল। এ সময় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।  এদিকে পল্লীবিদ্যুতের দর্শনা সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার অমিত কুমার দাস জানান, ফায়ার সার্ভিস ও বিদ্যুতের কর্মীরা বিরতিহীনভাবে রাত থেকে সংযোগ মেরামতে কাজ করে যাচ্ছে। তবে এখন পর্যন্ত ৮-১০টি গ্রামের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

রংপুরে আন্তর্জাতিক জাতিসংঘ

শান্তিরক্ষী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, রংপুর আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বুধবার রংপুর সেনানিবাসের অভ্যন্তরে ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। সভায় জেনারেল অফিসার কমান্ডিং, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো. নজরুল ইসলাম বক্তব্য রাখেন। শোভাযাত্রায় অতিরিক্ত ডি আইজি বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামূল কবির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়ায় কৃষক থেকে সরাসরি

ধান কিনলেন ইউএনও

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা উপজেলার খানমরিচ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে বুধবার সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনলেন ভাঙ্গুড়ার ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান।  উপজেলা খাদ্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, খানমরিচ ইউনিয়নের কৃষক হেলাল উদ্দিন, সাইদুর রহমান, গোলাম ইয়াছিনসহ মোট ৩৯ জন কৃষকের কাছ থেকে ৭১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। এর মধ্যে বুধবার দুই মেট্রিক টন ক্রয় করে উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ও আজিদা খাতুন পাখি, কৃষি অফিসার এনামুল হক, ওসিএলএসডি শারমিন আক্তার প্রমুখ।

গড়াই নদীতে বিষ  দিয়ে মাছ শিকার

ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে একশ্রেণির জেলে পানিতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ শিকার করছে। বিগত কয়েক বছর ধরে তারা এভাবে মাছ  ধরছে। এতে বিভিন্ন প্রজাতির দেশি মাছ বিলীন হওয়ার আশঙ্কা করছে নদী তীরবর্তী বাসিন্দারা। নদী তীরবর্তী শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামের লিয়াকত আলি বলেন, বেশ কয়েক বছর ধরে এভাবে শুকনা মৌসুমে মাছ ধরা হয়। এদের কেউ প্রতিহত করে না। বুধবার শৈলকুপা উপজেলা মত্স্য অফিসে প্রশিক্ষণ নিতে আসা মত্স্য চাষিরা একই ধরনের কথা বলেন। শৈলকুপা উপজেলা মত্স্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, বিষ ট্যাবলেট দিয়ে গড়াই নদীতে মাছ ধরার কথা তাকে কেউ জানায়নি। এটা আইনত অপরাধ। এসব মাছ খাওয়াও ক্ষতিকর। তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

পলাশে ৫২ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত

পলাশ (নরসিংদী) সংবাদদাতা  নরসিংদীর পলাশ উপজেলার ভাতাপ্রাপ্ত ৪৪০ জন মুক্তিযোদ্ধার মধ্যে বুধবার ৫২ জনের ভাতা স্থগিত করেছে উপজেলা প্রশাসন। ২০১৭ সালের ২১ জানুয়ারি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির ‘গ’ তালিকায় আওতাভুক্ত হওয়ায় তাদের ভাতা স্থগিত করা হয়েছে বলে পলাশ উপজেলা সমাজ সেবা অফিসার মো. মনির হোসেন জানান। পলাশ উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে ভাতা স্থগিত হওয়া ৫২ জন মুক্তিযোদ্ধার নামের তালিকা উপজেলা নোটিস বোর্ডে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। তবে কাগজপত্র পুনরায় যাচাই-বাছাই করার জন্য আপিলের ব্যবস্থা রয়েছে বলে সমাজ সেবা অফিস সূত্রে জানা যায়।

পুঠিয়ায় সত্বাবার হাতে শিশু খুন, আটক এক

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা পুঠিয়া উপজেলার সেনভাগ গ্রামে সত্ বাবার হাতে খুন হয়েছে শিশু রিফাত (০৭)। ঘাতক সত্ বাবা মোহাম্মদ আলীকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সেনভাগ এলাকায় এই হত্যাকাণ্ড হয়।  পুঠিয়া থানার ওসি শাকিল উদ্দিন আহমদ জানান, মোহাম্মদ আলী সাত বছর আগে ধর্ম ত্যাগ করে মুসলমান হন এবং নাটোর একডালার বুলবুলি খাতুন নামের তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করেন। বুলবুলির আগের ঘরের সন্তান রিফাত।  ঘাতক মোহম্মদ আলী থানায় জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে বলেন, তার স্ত্রীর ঘরে সন্তান রিফাত থাকায় বুলবুলি সন্তান নিতে আপত্তি করায় সে এই হত্যাকাণ্ড সংঘটিত করে। পুঠিয়া থানার ওসি শাকিল উদ্দীন আহম্মদ জানান, হত্যাকারীর স্বীকারোক্তি মতে রিফাতকে প্রথমে শ্বাসরোধ করে পরে চাকু দিয়ে গলাকেটে মৃত্যু নিশ্চিত করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে মোহাম্মদ আলীকে জেলহাজতে পাঠানো হয়।

 

 

০