ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ২২:৪৭
জেলায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরীকে মারধর করে দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজিউর রহমান মোটর সাইকেলযোগে লাহিড়ী যাওয়ার সময় পথে ডাঙ্গী বাজারের মোড়ে তার পথ রোধ করে দুর্বৃত্তরা। এসময় তারা তাকে লাঠি দিয়ে বেধড়ক আঘাত করলে একপর্যায়ে বিএনপির ওই নেতা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রাজিউর রহমানকে চিকিত্সার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিত্সার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।