আর্জেন্টিনার পরাজয় উদযাপন করলো ব্রাজিলিয়ানরা

আর্জেন্টিনার পরাজয় উদযাপন করেছে ব্রাজিলিয়ানরা। ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী হিসেবে বিশ্ব ফুটবল অঙ্গনে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখা হয়। জার্মানির কাছে সেমিফাইনালে বিশাল ব্যবধানে পরাজিত হয়ে আগেই বিদায় নিয়েছিল স্বাগতিক ব্রাজিল। আর এবার ফাইনালে ঐ জার্মানদের কাছেই ১-০ গোলে পরাজিত হয়ে শিরোপার খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছে লিওনেল মেসির দলকে। চির প্রতিদ্বন্দ্বীরা ঘরের মাঠ থেকে বিশ্ব কাপের শিরোপা নিতে পারেনি, এই উল্লাসে ব্রাজিলিয়ান সমর্থকরা পুরো রিও জুড়ে আনন্দ ফূর্তি করেছে। নেচে গেয়ে, আতশবাজি ফুটিয়ে তারা আর্জেন্টিনার পরাজয়কে উদযাপন করেছে। শুধুমাত্র ফাইনালের ভেুন্য রিও ডি জেনিরো নয় পুরো ব্রাজিল জুড়েই ছিল এই উন্মাদনা। অতিরিক্ত সময়ে মারিও গোয়েতজের গোলে জার্মানদের জয় অনেকটাই নিশ্চিত হবার পর থেকেই ব্রাসিলিয়া ও সাও পাওলোতে আতশবাজি ফোটানো শুরু হয়ে যায়। রিওর মারাকানা স্টেডিয়ামের কাছেই একটি পানশালায় ব্রাজিলিয়ান সমর্থকরা চিৎকার করে বলতে থাকে ‘‘কাঁদো! কাঁদো! আর্জেন্টিনা!’’ কোপাকাবানা সৈকতে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার পরে প্রিয় দলের পরাজয়ে হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক একেবারে নিরব হয়ে গিয়েছিলেন। তাদের নেই নিরবতাকে আরো বাড়িয়ে দিয়েছিল ব্রাজিলিয়ানদের নাচ ও গান। কিছু কিছু ব্রাজিলিয়ান সমর্থক আবার জার্মান পতাকাও উড়িয়েছে। ৪৫ বছর বয়সী কায়ো ফেরাজ নামক এক ব্রাজিলিয়ান সমর্থক বলেছেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আজ জার্মান জিততে পেরেছে। আজ যদি আর্জেন্টিনা জিততো তবে তাদের সমর্থকরা আমাদের মাটিতে বছরের পর বছর আনন্দ উল্লাস করতো। প্রথম ইউরোপীয়ান দেশ হিসেবে জার্মানি লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপের শিরোপা জয়ের কৃতিত্ব অর্জণ করলো। কিন্তু তারপরেও প্রতিবেশী দেশ হিসেবে আর্জেন্টিনাকে সমর্থন করার কোন ইচ্ছাই বেশিরভাগ ব্রাজিলিয়ানের মধ্যে দেখা যায়নি। এমনকি সেমিফাইনালে এই জার্মানদের কাছে ৭-১ গোলের লজ্জাজনক পরাজয়ের পরেও ফাইনালে তাদেরই সমর্থন করেছে স্বাগতিকরা। ব্রাজিলিয়ান সমর্থকরা তাদের মুখে জার্মানীর পতাকা এঁকেছে, ইউরোপীয়ান দলটির জার্সি পড়েছে। রিওর অনেক পানশালায় বেশ কিছু ব্রাজিলিয়ান নাগরিক ফ্লেমিনগোর জার্সি পড়ে জার্মানিকে সমর্থন দিয়েছে। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ও জার্মান সমর্থককা একে অপরকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছে। বেশীরভাগ স্বাগতিক সমর্থকের মুখে একই কথা ছিল, আমাদের মাঠ থেকে আর্জেন্টিনা শিরোপা ঘরে নিয়ে যাবে, এটা কোনভাবেই মেনে নেয়া যায়না। জার্মানরা আমাদের সেমিফাইনালে বিধ্বস্ত করলেও তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও শ্রদ্ধা রয়েছে। এএফপি