টানা দশ কার্যদিবস পতনের পর ডিএসই’র সূচক বেড়েছে
প্রকাশ : ১৪ জুলাই ২০১৪, ২০:৪২
টানা দশ কার্যদিবস দর পতনের পর গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। ঈদ সামনে রেখে নগদ টাকার চাহিদা মেটাতে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির চাপ বাড়িয়েছেন। অন্যদিকে বড় বিনিয়োগকারীরাও বিনিয়োগ বিমুখ হওয়ায় শেয়ারবাজারে টানা পতনমুখী প্রবণতা দেখা গেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৮৬ কোটি ১১ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৬ কোটি ১৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৪ কোটি ১৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ১৮৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
ডিএসইসূত্র জানিয়েছে, সমপ্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ারের আয় বেড়েছে। তৃতীয় প্রান্তিকে এই কোম্পানির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৮৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানির তৃতীয় (জানুয়ারি ১৪-মার্চ ১৪) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এ প্রান্তিকে কোম্পানির মুনাফা হয়েছে ১৭ কোটি ৬ লাখ টাকা। আর শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৫০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৯ কোটি ৪ লাখ টাকা এবং ৭৯ পয়সা। এছাড়া গত নয় মাসে (জুলাই ১৩-মার্চ ১৪) কোম্পানির মুনাফা হয়েছে ২৮ কোটি ৯৩ লাখ টাকা। আর শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৫৪ পয়সা। এদিকে গতকাল ডিএসইতে দর বাড়ার তালিকায় উঠে এসেছে বেক্সিমকো গ্রুপের শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মা। আগের দিনের চেয়ে বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬.৮৯ শতাংশ বা ২.২ টাকা, বেক্সিমকো ফার্মার শেয়ার দর বেড়েছে ৫.৪৮ শতাংশ বা ২.৩ টাকা। এছাড়া ৬.৩০ শতাংশ বেড়েছে শাইনপুকুর সিরামিকের দর। কিন্তু কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করায় টপটেন গেইনার তালিকায় স্থান পায়নি।