দুমকীতে ভিজিএফ কার্ডের বরাদ্দ কম হওয়ায় মানববন্ধন
প্রকাশ : ১৪ জুলাই ২০১৪, ২০:৫৭
দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা
দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে সোমবার ভারি বর্ষণ উপেক্ষা করে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। ৫টি ইউনিয়নে ২০১৩ সালে ৮হাজার ভিজিএফের কার্ড বরাদ্দ ছিল। ২০১৪ সালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও দুস্থ অসহায় গরিবদের মধ্যে ৩২৩১টি ভিজিএফ কার্ড বরাদ্দ হলে স্থানীয় জনগণ এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা দোষারোপ করছেন উপজেলা প্রশাসনকে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় যোগাযোগ করে জানা যায়, পোভার্টি ইনডেক্সে দুমকী উপজেলায় হতদরিদ্র, অসহায় গরীব মানুষের তথ্য কম দেখানোর কারণে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, মহাখালী থেকে পত্রাদেশের বরাদ্দ অনুযায়ী দুমকীতে গত বছরের তুলনায় ৪৭৬৯টি কার্ড কম এসেছে।