পুলিশ কনস্টেবলের ৭দিনের কারাদণ্ড
প্রকাশ : ১৪ জুলাই ২০১৪, ২০:৫৮
মেহেরপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের সাথে দুর্ব্যবহারের অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল আমিরুল মোমেনিনকে সাতদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। জানা গেছে, পুলিশের উপর হামলা মামলার আসামি মুজিবনগর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসাইন রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। জারজিসকে গ্রেফতার করতে সকাল থেকে আদালত এলাকায় ডিবি পুলিশের একটি দল অবস্থান করছিল । কিন্তু কৌশলে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন জারজিস হোসেন। দুপুর সাড়ে তিনটার দিকে আদালতের কাজ শেষে বাসভবনে যাওয়ার উদ্দেশ্যে একটি রিকশায় ওঠেন ম্যাজিস্ট্রেট মতিউর রহমান। ডিবি কনস্টেবল আমিরুল মোমেনিন তাকে জামায়াত নেতা জারজিস বলে সন্দেহ করে ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের পরিচয় জানতে চান।
আদালতের কয়েকজন কর্মচারী জানান, ওই পুলিশ কনস্টেবল ম্যাজিস্ট্রেটের সাথে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের নির্দেশে আমিরুলকে গ্রেফতার করে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান নিজেই আদালত পরিচালনা করে আমিরুলের শাস্তি দেন। আদালতের নির্দেশে ডিবি কনস্টেবল আমিরুলকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।