দৌলতপুরে টেন্ডার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ

কুষ্টিয়ার দৌলতপুর হাসপাতালে মাতৃভাউচার প্রকল্পের টেন্ডারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ২ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে। জানা যায়, গতকাল সোমবার দৌলতপুর হাসপাতালে মাতৃভাউচার প্রকল্পের টেন্ডারের দরপত্র দাখিলের শেষদিন ছিল। টেন্ডারকে কেন্দ্র করে দৌলতপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই টোকন চৌধুরী ও তার প্রায় দু’শতাধিক ক্যাডার বাহিনী সকাল ৯টা থেকে হাসপাতালের টেন্ডার বাক্স ঘিরে রাখে। এর প্রতিবাদে আওয়ামী লীগ নেতা সুমন গ্রুপের ক্যাডাররা প্রতিবাদ জানালে দু’গু্রপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় সেখানে ২ রাউন্ড গুলিবর্ষণ ও ৫/৬টি ককটেলের বিস্ফোরণ হয় বলে স্থানীয়রা জানায়। ধাওয়া চলার সময় পুলিশ কনস্টেবল বজলুর রহমান (৪২) ও ব্যাটালিয়ন আনসার সদস্য আনিচুর রহমান (৪০), মনিরুল (৩৬), রফিকুল (৩৫), শামীম (১৯) সহ ১০ জন আহত হয়। দৌলতপুর থানার ওসি এনামূল হক জানান- পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।