আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

সালথা (ফরিদপুর) সংবাদদাতা ফরিদপুরের সালথায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গতকাল সোমবার স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এ সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত ২০ জনকে ফরিদপুর ও নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালথা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু ও সোনাপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাফর মোল্লার মধ্যে এলাকার প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলায় সংঘর্ষের সৃষ্টি হয়। সালথা থানা ও অতিরিক্ত পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সালথা থানা অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া বলেন, কি নিয়ে সংঘর্ষ বাধে তা এখনো আমি জানি না। তবে এ ঘটনায় হাফিজুর (৩২) ও সোবান (৩০) নামে দুই জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।