স্পোর্টস রিপোর্টার
ইংল্যান্ডে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ২ জুন। ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল। বিশ্বকাপ শুরুর আগে পারফরম্যান্স, কম্বিনেশন ছাড়াও ছোট-খাট চোটের ধাক্কা নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। গত মঙ্গলবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর বাংলাদেশ শিবিরে উঁকি দিয়েছে বেশ কিছু ছোট-খাট চোটের খবর। কোনোটিই গুরুতর নয়। তারপরও চোট নিয়ে শঙ্কাটা পিছু ছাড়ছে না টাইগারদের।
বিডিনিউজ লিখেছে, ত্রিদেশীয় সিরিজ থেকেই এক পায়ে হ্যামস্ট্রিংয়ের টান ছিল মাশরাফির। কার্ডিফে মঙ্গলবার টান লেগেছে আরেক পায়ে। প্রস্তুতি ম্যাচের আগের দিন উরুর পেশিতে টান লাগায় খেলেননি তামিম ইকবাল। সেটা সতর্কতার অংশ হিসেবে। পিঠের ব্যথা মাথা চাড়া দিয়ে উঠায় ৬ ওভারের পর বোলিং করতে পারেননি সাইফউদ্দিন। যদিও শেষ দিকে তার দুটি ওভার করার কথা ছিল। মাঠেই ব্যথানাশক নিয়েছিলেন এই তরুণ। পরে অবশ্য ব্যাটিং করেছেন তিনি।
প্রস্তুতি ম্যাচে মুস্তাফিজ বোলিং করেছেন দুর্দান্ত। কিন্তু দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে কাফ মাসলে টান লেগেছে তার। বড় কিছু নয়, তারপরও দুশ্চিন্তার মেঘ তো থেকেই যাচ্ছে।
আশার কথা, সাইড স্ট্রেইনের ব্যথা সেরে উঠেছেন সাকিব আল হাসান। চোটের ধাক্কা কাটিয়ে উঠেছেন রুবেল হোসেনও। প্রস্তুতি ম্যাচে বোলিং করেননি মাহমুদউল্লাহ। তবে কাঁধের চোট কাটিয়ে বিশ্বকাপে তার অফস্পিনের সার্ভিসটা পাওয়ার আশা করছে বাংলাদেশ দল।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ব্যবহার করেছে ৯ বোলার। পেসারদের মধ্যে মুস্তাফিজ ৮, মাশরাফি ৬, সাইফউদ্দিন ৬, রুবেল ৮, আবু জায়েদ রাহী ৩ ওভার বোলিং করেছেন। টানা ৬ ওভার বোলিং করা এবং নিজের হ্যামস্ট্রিংয়ের টান নিয়ে বিডিনিউজকে মাশরাফি বলেছেন, ‘এসব ক্ষেত্রে আমার আসলে অনেক সময় সমস্যা হয় প্রথম ১-২ ওভার করতে। সেটুকু করতে পারলে পরে আর সমস্যা হয় না। আজকেও হচ্ছিল না। কিন্তু ষষ্ঠ ওভারে টান লেগে গেল। ৪-৫ ওভারে থামতে পারতাম। কিন্তু ওই সময় রোহিত ও কোহলি বেশ অস্থির হয়ে উঠছিল রানের জন্য, শট খেলতে চাচ্ছিল বারবার। মনে হলো, এমন আক্রমণের সামনে প্র্যাকটিস করা জরুরি।’
ম্যাচ শেষে মাশরাফির অবস্থা পর্যবেক্ষণ করেছেন ফিজিও তিহান চন্দ্রমোহন। সাধারণত এসব চোট সারতে ৫-৬ দিন বিশ্রাম লাগে। কিন্তু সেই সময় এখন নেই বাংলাদেশ অধিনায়কের হাতে। কারণ ২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচ। চোট সামলেই খেলতে হবে তাকে। প্রথম ম্যাচের আগে কয়েকদিন হয়তো পুরোদমে অনুশীলন করতে পারবেন না মাশরাফি। তবে খেলা থেকে বিরত থাকবেন না নড়াইল এক্সপ্রেস।