রাঙ্গামাটিতে ইয়াবাসহ ভারতীয় ২ নাগরিক আটক

রাঙ্গামাটি প্রতিনিধি রাঙ্গামাটি শহর থেকে দুই ভারতীয় নাগরিক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গত রবিবার রাতে শহরের পর্যটন এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো: বিলাইছড়ি উপজেলার ফারোয়ার ত্রিপুরা পাড়া এলাকার বাসিন্দা রাম বাহাদুর (৩৮) ও অপরজন হলো ভারতের মিজোরাম রাজ্যের কমলানগর জেলার বাচিতালাং থানার লংবুইঘা গ্রামের বাসিন্দা ক্যাহলা মারমা (৪৫)। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মনু সোহেল ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পর্যটন কটেজ এলাকা থেকে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এদের দু’জনকে আটক করার সময় তাদের কামড়ে ইনচার্জ ইমতিয়াজ ও এসআই তৌহিদ আহত হন।