বিজয়নগর ও সিলেটে দুইজন খুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ও সিলেট নগরীর কুয়ারপাড় এলাকাসহ পৃথক ঘটনায় দুইজনের খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় নিহত এক ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও বিজয়নগর সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নজরপুরে গত রবিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আমজাদ হোসেন (৬০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আবু নাসের নামে একজনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমজাদ হোসেন ও আবু নাসেরের জায়গায় গরু যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে দায়ের কোপে আমজাদ হোসেন গুরুতর আহত হয়। তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও পরে ঢাকা হাসপাতালে নেয়ার পথে মারা যান। বিজয়নগর থানার ওসি রসুল আহম্মদ নিজামী জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। সিলেটে ব্যবসায়ী খুন সিলেট নগরীর কুয়ারপাড় এলাকায় পানি নিয়ে ঝগড়ার জের ধরে গত রবিবার সন্ধ্যায় শামসুল ইসলাম (৬০) নামে এক ভাঙ্গাড়ি ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় আরজু মিয়াকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার ইফতারের আগে শামসুল ইসলাম বাসার মালিকের বাসার টিউবওয়েল থেকে পানি আনতে যান। এ সময় পানি আনা নিয়ে প্রতিবেশী আরজু মিয়ার সাথে তার ঝগড়া হয়। বিষয়টি ইফতারের পর সমাধান করে দেয়ার আশ্বাস দেন বাসার মালিক ফেরদৌস চৌধুরী। কিন্তু মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে আরজু মিয়া শামসুল ইসলামকে ছুরিকাঘাত করলে শামসুল ইসলাম মারাত্মকভাবে আহত হয়। ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।