কোহলির প্রাপ্তি লোকেশ রাহুল

স্পোর্টস রিপোর্টার

সতর্কতার সাথে শুরু করেও বাংলাদেশের বিপক্ষে পাহাড়সমান রান করে বিরাট জয় পেয়েছে ভারতীয় দল। আগে ব্যাট করে ভারত ৩৫৯ রান করেছিল। জবাবে বাংলাদেশ ২৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। তবে ৯৫ রানের এই জয় নিয়ে নয়; লোকেশ রাহুলের ব্যাটিং নিয়ে উচ্ছ্বসিত দলের অধিনায়ক বিরাট কোহলি। বিশেষ করে চার নম্বরে নেমে রাহুলের এই ইনিংসে কোহলি যথেষ্ট স্বস্তি পেয়েছেন বলেই জানালেন। কারণ, এই চার নম্বর নিয়েই ভারত সাম্প্রতিক দুশ্চিন্তায় ভুগছিল।

ভারতীয় দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ এই চার নম্বর জায়গার জন্য বিবেচনা করছিলেন অলরাউন্ডার বিজয় শঙ্করকে। সে উদ্দেশেই দলে নেওয়া হয়েছিল তাকে। কিন্তু কোহলি বললেন, এই ইনিংসের পর তারা লোকেশ রাহুলের ব্যাপারে তারা উন্মুক্ত আছেন।

কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচের পর কোহলি বলছিলেন, ‘এই ম্যাচে আমাদের জন্য সবচেয়ে ইতিবাচক প্রাপ্তি হলো, লোকেশ রাহুল চার নম্বরে যেভাবে ব্যাট করেছে। বাকি সবাই যার যার ভূমিকাটা কী হবে, সেটা খুব ভালো করে যাচ্ছে। ফলে আমাদের জন্য লোকেশের রান পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ, সে নিখুঁত একজন খেলোয়াড়। সে স্কোরবোর্ডকে সচল রাখতে পারে। আর সেটা তো দেখাই গেলো। তার প্রতিভার একটা অসাধারণ প্রদর্শনী হলো এই ম্যাচে।’

যদিও বিজয়ই ছিলেন চার নম্বরে প্রথম পছন্দ। কিন্তু তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নিজের হাতে আঘাত পেয়েছিলেন। আর সেই ম্যাচটা মিস করেছিলেন। এরপর দ্রুত সেরে উঠে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেছেন। কিন্তু ব্যাট হাতে রান পাননি এবং উইকেটও পাননি। এখন রাহুল তার জায়গাটা নিয়ে নিলে বিজয় নিজেকে একটু দুর্ভাগা ভাবতেই পারেন।

রাহুল নিজে অবশ্য নিজের পারফরম্যান্স নিয়ে অতো বেশি উচ্ছ্বাস প্রকাশ করছেন না। নিজের চার নম্বরে খেলার সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে অনেক কূটনৈতিক থাকলেন, ‘এটা একটা দলীয় খেলা। আপনাকে অনেক বেশি নমনীয় থাকতে হবে। যে কোনো জায়গায় ব্যাটিং করার জন্য তৈরি থাকতে হবে। একজন খেলোয়াড় হিসেবে আপনাকে যে দায়িত্ব দেওয়া হবে, সেটা পালন করতে তৈরি থাকতে হবে। এই স্তরে যে খেলোয়াড়ই খেলে, সে জানে, চাপ কিভাবে সামলাতে হবে। আর সে জানে যে, নিজের ভূমিকা কিভাবে পালন করতে হয়।’

লোকেল রাহুল বলছিলেন, শুধু তিনি নন, তারা দলের সকলে তৈরি আছেন, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হোক, তারা পালন করবেন, ‘এটা একটা দলীয় খেলা। আমাদের দলের সবাই গত কয়েক বছর ধরে যে কোনো কিছুর জন্য তৈরি আছে। যে ভূমিকাই পালন করতে বলা হোক, আমরা সেটার জন্য তৈরি। আমাদের সবাই একইভাবে প্রস্তুত আছি। আমাদের সবাই বিভিন্ন পজিশনে ব্যাটিং করার ব্যাপারে তৈরি ও পরীক্ষিত।’