বিএনপি আন্দোলন শুরু করলে প্রশাসন বসে থাকবে না :সুরঞ্জিত
প্রকাশ : ১৪ জুলাই ২০১৪, ২১:৩৫
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, ঈদের পর বিএনপি যদি আন্দোলনের নামে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অনিয়মতান্ত্রিকভাবে নামানোর চেষ্টা করে তাহলে প্রশাসন বসে থাকবে না। অর্থনৈতিক স্থিতিশীলতাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে গণতান্ত্রিক সরকারের প্রশাসনিক অঙ্গগুলো কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত নেবে।
সোমবার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।