মারা যাওয়া ১২০ সরকারি কর্মচারীর পরিবারকে ৬ কোটি টাকার চেক প্রদান
প্রকাশ : ১৪ জুলাই ২০১৪, ২১:৩৬
বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মারা যাওয়া ১২০ সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৬ কোটি টাকা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার রাজধানীর নিউ ইস্কাটন রোডের বিয়াম ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মারা যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের হাতে চেক তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
বেসামরিক প্রশাসনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চাকরিরত অবস্থায় মারা গেলে ৫ লাখ টাকা ও গুরুতর আহত হলে ২ লাখ টাকা অনুদান দেয়ার বিষয়ে ২০১৩ সালে একটি নীতিমালা প্রণয়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই নীতিমালার আওতায় প্রথমবারের মতো আর্থিক অনুদান দেয়া হলো।
অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ১২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের আর্থ-সামাজিক নিরাপত্তা বিধানসহ সার্বিক কল্যাণে বর্তমান সরকার আন্তরিক। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমাসহ সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মচারী চাকরিরত অবস্থায় মারা গেলে যৌথবীমা তহবিল হতে এক লাখ টাকার পরিবর্তে এক লাখ ৭০ হাজার টাকা দেয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন আছে।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।