সান্ত্বনা নেই মেসির
প্রকাশ : ১৪ জুলাই ২০১৪, ২১:৩৭
লিওনেল মেসির মধ্যে কান্নার কোনো ছাপ নেই, তারপরও তাকে অনেক অবুঝ দেখা গেল। তাকে সান্ত্বনা দেয়ার কোনো কিছুই যেন নেই। ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন আর্জেন্টিনার এই অধিনায়ক। টুর্নামেন্ট সেরার এ পুরস্কার ও ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে দলের ১-০ গোলের ভরাডুবিতে মেসির হতাশা কাটাতে পারেনি। নিথর হলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি!
মেসি টুর্নামেন্ট সেরার পুরস্কার গ্রহণের আগে প্রতিপক্ষ জার্মানির খেলোয়াড়দের কাছ থেকে সহানুভূতি পেয়েছেন। মাঠের পাশেই মেসির সঙ্গে উষ্ণ আলিঙ্গন করেছেন শোয়েনস্টেইগার, গোল্ডেন গ্লাভজয়ী ম্যানুয়েল নুয়ারও তাকে অভিনন্দন জানিয়েছেন তাকে। পুরস্কার হাতে বাধ্যতামূলক ছবিও তুললেন। পরবর্তীতে সতীর্থদের সঙ্গে রানার্স-আপের মেডেলও গ্রহণ করলেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। কিন্তু বিন্দুমাত্র আনন্দ নেই বার্সার এই তারকার মাঝে! জোর করেই বিরক্তি এবং হতাশা নিয়ন্ত্রণে রাখছিলেন তিনি।
ড্রেসিং রুমে প্রায় এক ঘন্টা সময়ের পর বিশ্ব মিডিয়ার মুখোমুখি হওয়ার আগে তার দলকে হারানো ম্যারিও গোটজের সঙ্গে একটি ছবি তোলার জন্যও থামেন তিনি। পরে হতাশাভরা কণ্ঠে সাংবাদিকদের মেসি বলেন, ‘এই মুহূর্তে কোনো কিছুই আমাকে শান্ত করতে পারবে না—এই পুরস্কারও (গোল্ডেন বল) না, কোনো কিছুই আমাকে সান্ত্বনা দিতে পারবে না। আমাদের একমাত্র লক্ষ্য ছিল দেশে বিশ্বকাপ নিয়ে যাওয়া এবং আর্জেন্টিনায় গিয়ে সবার সঙ্গে এই জয় উদযাপন করা।’
দলের এই ব্যর্থতার জন্য আক্রমণভাগের খেলোয়াড়দেরই দুষলেন মেসি, ‘তারা যেমন অধিক পরিমাণ বল পেয়েছে; আমরাও তেমন পরিষ্কার অনেকগুলো সুযোগ পেয়েছি। কিন্তু আমরা যারা সামনে ছিলাম, তারা সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। আমরা তিনটি সুযোগ পেয়েছিলাম; এর একটি ব্যর্থ হয়েছে আমার জন্য, আরেকটি গঞ্জালো হিগুয়ানের জন্য এবং আরেকটি প্যালেসিওর জন্য।’
গ্রুপপর্বে চারটি গোল করলেও নক-আউট পর্বের চারটি ম্যাচের একটিতেও কোনো সাফল্য পাননি মেসি। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলর লড়াইয়ে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র জয়সূচক গোলে পাস দিয়ে অবদান রেখেছিলেন তিনি।
ফাইনালে মেসির কাছ থেকে আরও ভাল কিছু প্রত্যাশা করা হয়েছিল। তার দক্ষতার সামনে জার্মানির রক্ষণভাগ কিছুটা চিন্তিত ছিল। ফাইনালে ম্যাচের প্রথমার্ধে এর প্রমাণও দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। দলের স্বপ্ন ভঙ্গে অনুতাপ প্রকাশ করে মেসি বলেছেন, ‘ফাইনাল খেলেও ট্রফি না জিতে টুর্নামেন্ট শেষ করা অনেক হতাশার। এই অনুভূতি আমাদের অনেক পীড়া দিচ্ছে এবং রাগান্বিত করছে। এখন আমাদের আবারও ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে।’