ইছামতির তীর দখল করে মার্কেট নির্মাণের কাজ বন্ধ নেই
দোহার নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ১৪ জুলাই ২০১৪, ২১:৪৫
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কুমারবাড়িল্যা এলাকায় ইছামতি নদীর তীরের অংশবিশেষ দখল করে স্থানীয় এক প্রভাবশালী মার্কেট নির্মাণ করছেন। গত ৬ জুলাই কয়েকটি দৈনিকে এমন সংবাদ প্রকাশ হওয়ায় ভূমি অফিসের কর্মকর্তা ও পুলিশের একটি দল গত ৭ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদউল্লাহর নির্দেশে সার্ভেয়ার লুত্ফর রহমান পুলিশের উপস্থিতিতে ৭দিনের মধ্যে সব স্থাপনা ভেঙ্গে ফেলতে বলেন। কিন্তু ইছামতির তীর দখলকারী শাহজাহান প্রশাসনের সেই নির্দেশনা না মেনে শিকারীপাড়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মজিবুর রহমান ও সুজনকে ‘ম্যানেজ’ করে কাজ অব্যাহত রাখেন।
গতকাল সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত ভবনের উপরের অংশের নির্মাণ কাজও সম্পন্ন করে ফেলেছেন শাহজাহান ওরফে সারু।
এ ব্যাপারে মো. শাহজাহান ওরফে সারুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিকারীপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মজিবুর রহমানের নির্দেশেই ভবন নির্মাণের কাজ হচ্ছে। মজিবুর রহমান বলেন, ‘এসিল্যান্ড স্যারকে জানিয়েই কাজের নির্দেশ দেয়া হয়েছে।’
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদউল্লাহ বলেন, অবৈধ স্থাপনা ভাঙ্গার নির্দেশ দিয়েছি। অফিসের কেউ যদি কিছু করে থাকেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ দখল ভেঙ্গে দেয়ার প্রস্তুতি চলছে।