কমলগঞ্জে টাস্কফোর্সের অভিযান বালুবোঝাই ট্রাকসহ আটক ১

কমলগঞ্জ উপজেলার নদী, ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক শুরু হয়েছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ দীর্ঘদিন ধরে এভাবে অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ফলে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণের রাজস্ব এবং পরিবেশেরও ক্ষতি হচ্ছে। টাস্কফোর্স সোমবার সকালে পদ্মছড়া চা বাগান এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলনকৃত বালু বোঝাই একটি ট্রাকসহ এক ব্যক্তিকে আটক ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে। আদমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার বিদ্যাধন সিংহ জানান, টাস্কফোর্সের প্রধান কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে অভিযানকালে প্রায় ৫০০ ঘনফুট বালু বোঝাই একটি ট্রাক ও আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।