৪২৪ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন করে কোন কর আরোপ ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ৪শ ২৪কোটি ৪ লাখ ৬৯ হাজার ৫১২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর নগর ভবনে সুধী সমাজের উপস্থিতিতে মেয়র ডা. সেলিনা হায়াত আইভী এ বাজেট ঘোষণা করে তা বাস্তবায়ন করতে সকলের প্রতি আহবান জানান এবং সহযোগিতা প্রত্যাশা করেন। এটা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন তৃতীয় বাজেট। গত অর্থবছরে বাজেট ছিল ৪শ ৩ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৩৭৬ টাকা। ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৮০কোটি ৬১লাখ ৪৬ হাজার ৪৮৪ টাকা। এর বিপরীতে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ৩৮লাখ ২হাজার ৭২০ টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৩শ ৪৩ কোটি ৪৩ লাখ ২৩ হাজার ২৮ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩শ ৬১ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৮১৬ টাকা। বছর শেষে ঘোষিত বাজেটে উদ্বৃত্ত থাকবে ১কোটি ৭০লাখ ৮২ হাজার ৯৭৬ টাকা। আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ নারায়ণগঞ্জে হত্যা, খুন আর মাদকের ছড়াছড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা প্রশাসনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। সোমবার বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়গুলো উঠে আসে। সভায় নারায়ণগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের এমপিরা উপদেষ্টা হলেও তাদের মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান ছাড়া অন্যরা ছিলেন অনুপস্থিত। সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জকে সন্ত্রাসীরা তাদের আশ্রয়স্থলে পরিণত করেছে। অন্য জায়গা থেকে সন্ত্রাসীরা এসে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে আবার চলে যাচ্ছে। তখন আইনশৃঙ্খলা বাহিনীর উপর এসে দায় চাপে এবং এ সকল ঘটনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। সভায় সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস উদ্বেগ প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জে আশঙ্কাজনক হারে হত্যাকাণ্ড বৃদ্ধি পেয়েছে সেই সাথে মামলার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন দাবি করেন, নারায়ণগঞ্জে যে সকল হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে তার বেশির ভাগই পারিবারিক হত্যাকাণ্ড। এগুলো প্রতিরোধ করা প্রায় অসম্ভব।