এনএসইউ স্পোর্টস ক্লাবের বিশেষ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) স্পোর্টস অ্যান্ড গেমস ক্লাব বিশেষ সচেতনতামূলক সেমিনার সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এনএসইউ উপাচার্য ড. আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের শিক্ষক উপদেষ্টা ইকবালুর রহমান রোকন। পরে ক্রীড়া উপমন্ত্রী এনএসইউ ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান বেনজীর আহমেদের সাথে ‘এনএসইউ-ক্রীড়া মন্ত্রণালয়’ যৌথভাবে দেশের খেলাধুলা উন্নয়নে কাজ করার বিষয়ে মতবিনিময় করেন। সেমিনারে প্রধান অতিথি বলেন, শরীর ও মনের পরিপূর্ণ বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। আজকের বিশ্বে খেলাধুলা হল সবচেয়ে দামি ইভেন্ট। খেলাধুলায় পারদর্শী শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ালেখার সুযোগ পায়। এর মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হওয়া, এমনকি মন্ত্রী-এমপি পর্যন্ত হওয়া যায়। উপাচার্য ড. আমিন সরকার বলেন, তরুণ নেতৃত্বের প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটি আস্থাশীল। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় তরুণ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে খেলাধুলার জন্য এনএসইউ বড় অংকের বরাদ্দ দিয়ে থাকে। —প্রেস বিজ্ঞপ্তি